উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 02 Jun 2026, 06:21 PM
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা নেপাল দলও বাংলাদেশের সঙ্গে একই হোটেলে আছে। শিউলি আজিমের মা হারানোর খবর শুনেছেন তারাও। এই দুঃসংবাদ ছুঁয়েছে নেপাল দলকেও। সেমি-ফাইনালের লক্ষ্য নিয়ে দলটির কোচ নাবিন নিউপানে সবার আগে সমবেদনা জানালেন শিউলির প্রতি।
গোয়ার জওহারলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুই দল। শিউলি মায়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়া বাংলাদেশ মঙ্গলবার সকালে ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে অনুশীলন বাতিল করে দেয়। এ মাঠেই প্রস্তুতি নিতে গিয়ে লক্ষ্যের কথা বলেন নিউপানে।
“সবার আগে বলতে চাই, আজ সকালে শুনলাম বাংলাদেশের এক খেলোয়াড়ের মা মারা গেছেন। তার প্রতি আমার গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।”
“দ্বিতীয়ত, সেমি-ফাইনালের জন্য আমরা প্রস্তুত। আমি আগেই বলেছি ভারত এবং বাংলাদেশ উভয়ই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদের ম্যাচটি দেখেছি। আমরা বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা লড়াই উপহার দিতে প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ জয় করা। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নিশ্চিতভাবেই আমরা একটা ভালো লড়াই করব।”
গত দুই সাফে বাংলাদেশের কাছে ফাইনালে নিজেদের মাঠে হেরে স্বপ্ন ভেঙেছিল নেপাল। ঘরের মাঠে হারের ‘প্রতিশোধ’ ভারতের মাঠে নিতে দল মুখিয়ে আছে কিনা, এমন প্রশ্নে টানা দুই ম্যাচ জিতে আসা নেপাল কোচ অবশ্য দিলেন না কোনো হুঙ্কার।
“ফুটবলে আসলে প্রতিশোধ বলে কিছু নেই। এটা ঠিক যে, আমরা গত দুবার ফাইনালে হেরেছি তাদের কাছে। তবে, এবার আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো, দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট এবং সুস্থ আছে, কোনো চোটের সমস্যা নেই। এটি আমাদের দলের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। আগামীকাল ম্যাচটি জেতার জন্য আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরাটা উজাড় করে দেব।”
“বাংলাদেশ দল ভালো করছে (চলতি সাফে)। আমরা এএফসি কাপেও তাদের খেলা দেখেছি। তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী একটি দল। কোচ এখন দলে তিন-চার জন তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। ওদের বর্তমান শক্তির জায়গাটা বেশ মজবুত। আমি মনে করি, তারা আমাদের বিপক্ষে দারুণ লড়াই করবে।”
ভারতের বিপক্ষে ম্যাচে আশানুরূপ ছিল না মনিকা-মারিয়াদের পারফরম্যান্স। ৩-০ গোলের হারে সাফে দলের ১০ ম্যাচের অজেয় যাত্রাও থেমেছে। নেপাল কোচ অবশ্য গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করতে চাইলেন না।
“ভারত-বাংলাদেশ ম্যাচটি ছিল গ্রুপ পর্বের খেলা। সেমি-ফাইনাল একটি নকআউট ম্যাচ, যেখানে আমরা একে অপরের মুখোমুখি হচ্ছি। নকআউট গেমের ধরন সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ দল নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং আমরাও নিজেদের শক্তি নিয়ে প্রস্তুত থাকব।”