ব্রাজিলের উইলিয়ানের কাছে মেসি অতুলনীয়
ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিল ‘চিরশত্রু’ হলেও প্রতিপক্ষের অধিনায়কের প্রশংসায় কোনো কার্পণ্য করলেন না ব্রাজিলের উইলিয়ান। এই মিডফিল্ডারের মতে, লিওনেল মেসি ‘অতুলনীয়’ খেলোয়াড়।
বর্তমানের অন্যতম সেরা ফুটবলার মেসির খেলা দেখতে সবাই ভালোবাসে বলে মনে করেন উইলিয়ান। সে দলে নিজেকেও রাখলেন চেলসির এই খেলোয়াড়।
এবারের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালের বাধা পেরুতে পারলেই শেষ চারের লড়াইয়ে দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে উইলিয়ান নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মেসিকে হারাতে চাইবেন। তবে তাতে বার্সেলোনার এই তারকার প্রতি তার সম্মান এতটুকু কমছে না।
লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতার এবারের আসরের গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটে ওঠে ব্রাজিল।
আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে শেষ আটের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তার পর দিন প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।
