রদ্রিগেসের কাছেও মেসি ‘অন্য গ্রহের’
মুখোমুখি লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন হামেস রদ্রিগেস। মেসির গুণে মুগ্ধ হয়ে অনেকের বলা পুরনো কথাটাই বললেন কলম্বিয়ার এই তারকা মিডফিল্ডার। জানালেন, তার কাছেও মেসি ‘অন্য গ্রহের’ ফুটবলার।
আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
ওই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে মেসির প্রসঙ্গ উঠলে রদ্রিগেস বলেন, “তিনি অন্য গ্রহের। তিনি অনন্য খেলোয়াড়।”
ক্লাব ফুটবলে দুজনই স্পেনের দুই শীর্ষ দলের হয়ে খেলেন। ফলে সেখানে এর আগেও মুখোমুখি লড়েছেন বার্সেলোনার মেসি এবং রিয়াল মাদ্রিদের রদ্রিগেস। তবে এবারের লড়াইটা দেশের হয়ে, মঞ্চটা আবার মহাদেশ সেরার লড়াই। তাই উত্তেজনার পরশ একটু বেশিই।
মেসির সঙ্গে মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেস বলেন, “এটা হামেস ও মেসির মধ্যের লড়াই হতে পারে না।”
দলের সবচেয়ে বড় তারকা হলেও এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত তেমন জ্বলে উঠতে পারেননি রদ্রিগেস। সেজন্যে কিছুটা হতাশ রিয়ালের এই তারকা। তবে খারাপ সময় কাটিয়ে দ্রুতই স্বরূপে ফেরার প্রত্যাশার কথা শোনালেন তিনি।
