মেসিদের খেলায় বিরক্ত মার্তিনো
জ্যামাইকার বিপক্ষে জেতা ম্যাচে শিষ্যদের গোলের সুযোগ নষ্ট করা আর দ্বিতীয়ার্ধের গতিহীন ফুটবল খেলা নিয়ে বিরক্ত জেরার্দো মাতির্নো। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মেসিদের প্রথমার্ধের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন আর্জেন্টিনার এই কোচ।
চিলিতে বাংলাদেশ সময় রোববার ভোরে কোপা আমেরিকার গ্রুপের ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। দশম মিনিটে গনসালো হিগুয়াইন লক্ষ্যভেদ করলেও এর আগে-পরে গোলের একাধিক সুযোগ নষ্ট করে ১৪ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ মেসিদের প্রথমার্ধের খেলা নিয়ে বলেন, “আমি মনে করি, প্রথমার্ধে আমরা ভালো করেছি; দ্রুত গোল পেয়েছি এবং চার থেকে পাঁচটি গোলের সুযোগ তৈরি করেছি। জ্যামাইকার আক্রমণগুলোও ভালোভাবে রুখে দিয়েছি।”
দলের দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে হতাশার কথা জানান অধিনায়ক লিওনেল মেসি। কোচও মেসির সুরে সুর মেলান।
“দ্বিতীয়ার্ধ ছিল বিরক্তিকর; বলের ওপর আমাদের নিয়ন্ত্রণ ছিল ক্লান্তিকর। বলের মুভমেন্ট ছিল ভীষণ মন্থর।”
১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা এবারের আসর শুরু করে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে। ওই ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও পরে পয়েন্ট ভাগাভাগির করতে হয় মেসিদের।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মেসিরা।
