দলের খেলায় হতাশ মেসি
জ্যামাইকাকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেও হতাশ লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক কারণ হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের ধীরগতির খেলার কথা জানিয়েছেন।
বাংলাদেশ সময় রোববার ভোরে গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে জ্যামাইকাকে হারায় আর্জেন্টিনা। এ ম্যাচে মেসি, হিগুয়াইনরা একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের দ্বিতীয়ার্ধের খেলার সমালোচনা করেন অধিনায়ক মেসি, “দ্বিতীয়ার্ধে আমাদের গতি পড়ে গিয়েছিল। আমরা অনেক ধীরগতির ফুটবল খেলেছি।”
চিলির এই আসরে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে।
প্রথম ম্যাচের উদাহরণ টেনে জ্যামাইকার বিপক্ষে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা মেসি বলেন, “একই কাজ আমরা প্যারাগুয়ের বিপক্ষে করেছিলাম। মাঠে (খেলার জন্য) জায়গা পাওয়ার জন্য সংগ্রাম করেছিলাম; মাঠ মন্থর ছিল...জানি না কেন; কিন্তু এটাও সত্যি যে, আমরা ধীরে দৌড়েছিলাম।”
সর্বশেষ ১৯৯৩ সালে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল আর্জেন্টিনা। ড্র দিয়ে কোপা আমেরিকার ১৫তম শিরোপার মিশন শুরু করা মেসিরা গ্রুপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায়।
তবে এভাবে গতিহীন ফুটবল খেলতে থাকলে সামনের পথটা কঠিন হয়ে যাবে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন মেসি, “নকআউট পর্বের ম্যাচে আমরা এটা আর হতে দিতে পারি না।”
