নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের দারুণ সূচনা
বিশ্বকাপের পর টানা ১০টি ম্যাচ জেতা ব্রাজিল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেই হোঁচট খেতে বসেছিল। তবে যোগ করা সময়ের গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার সূচনাটা ভালোই হলো টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়নদের।
নেইমারের নৈপুণ্যে পিছিয়ে পড়েও পেরুকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের প্রথম দুটি গোল হয় শুরুর ৫ মিনিটের মধ্যে। ক্রিস্তিয়ান কুয়েভোর গোলে পিছিয়ে পড়ার পর সেটা শোধ করেন নেইমার। ড্রর দিকে এগুতে থাকা ম্যাচের যোগ করা সময়ে নেইমারের পাস থেকে দগলাস কস্তার গোলে মূল্যবান ৩ পয়েন্ট পায় ব্রাজিল।
বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির তেমুকো শহরে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে এগিয়ে যায় পেরু।
৫৩তম মিনিটে দর্শনীয় এক গোল থেকে নেইমারকে বঞ্চিত করে পোস্ট। ডি বক্সের বাইরে বল পেয়ে হঠাৎ করেই জোরালো শট নিয়েছিলেন তিনি। বাঁকানো শটটি গোলরক্ষককে ফাঁকি দিলেও কাঁপিয়ে দেয় ক্রসবার।
৭৫তম মিনিটে দ্বিতীয়ার্ধের দারুণ একটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে নেইমার বল পাঠিয়েছিলেন বদলি খেলোয়াড় দগলাস কস্তাকে। কিন্তু গোলরক্ষকের উপর দিয়ে পাঠানো চিপ গোলে ঢোকেনি; নেইমারও এগিয়ে গিয়ে তা ধরতে পারেননি।
১-১ গোলে ম্যাচ যোগ করা সময়ে গড়ানোয় পয়েন্ট হারানোয় শঙ্কায় পড়ে গিয়েছিল ব্রাজিল। ওখান থেকে দলকে রক্ষা করেন শাখতার দোনেস্কের মিডফিল্ডার কস্তা। তবে গোলটিতে সবচেয়ে বড় অবদান ছিল নেইমারের।
গত বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে যোগ দেওয়া কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের এটা টানা একাদশ জয়।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে ‘সি’ গ্রুপের পরের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
রোববার রাতে গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে যায় কলম্বিয়া।
