২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের নিয়ে চিন্তিত মার্তিনো

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় চিন্তায় পড়ে গেছেন কোপা আমেরিকার অন্যতম ফেভারিট আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 01:00 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

আর্জেন্টিনাকে রোখার রহস্য উন্মোচন ভালদেসের
কোপা অভিযানের শুরুতেই হোঁচট আর্জেন্টিনার

চিলির লা সেরেনায় বাংলাদেশ সময় রোববার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে সের্হিও আগুয়েরো ও লিওনেল মেসির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুটো গোল শোধ করে দেয় প্যারাগুয়ে।

এভাবে ড্র করাটা কিছুতেই মেনে নিতে পারছেন না মার্তিনো। তার ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বেরিয়ে এসেছে হতাশা।

“এটা পরিষ্কার যে, পুরো নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচগুলো খেলতে হবে আমাদের।”

প্রথমার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনারই হাতে। মেসি, আনহেল দি মারিয়া, আগুয়েরোরা এই অর্ধে বলের দখল রাখেন ৭৫ শতাংশ। এই সময়ে প্যারাগুয়ের পোস্টে সাতটি শট নেয় আর্জেন্টিনা।

শুধু মাঝমাঠ আর আক্রমণভাগেই নয়, আর্জেন্টিনার আধিপত্য ছিল রক্ষণেও। প্রথমার্ধে প্যারাগুয়েকে আর্জেন্টিনার পোস্টে একটিও শট নিতে দেননি এসেকিয়েল গারায়, মার্কোস রোহোরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি-প্রকৃতি যেন ভোজবাজির মতো পাল্টে যায়। এটা নিয়ে বেশ অসন্তুষ্ট মার্তিনো।

“৫০ মিনিট পর্যন্ত খেলা আমরাই নিয়ন্ত্রণ করেছি এবং আবারও গোল করতে পারতাম। কিন্তু এরপর এটা আমাদের জন্য সংশয়ে ভরা একটি ম্যাচ ছিল। আমরা নিজেদের অর্ধে পিছু হটলাম এবং প্রথমার্ধের চাপটা আমরা ধরে রাখতে পারলাম না।”

গোলরক্ষক সের্হিও রোমেরোও অবশ্য দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার চিত্রটি তুলে ধরার চেষ্টা করলেন।

“দক্ষিণ আমেরিকা এরকমই। কোনো দলই আপনাকে উপহার হিসেবে কিছু দেবে না। আমরা জানতাম যে প্যারাগুয়ে কঠিন খেলা খেলবে।”

গ্রুপে আর্জেন্টিনার পরের ম্যাচটি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। লা সেরেনায় ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়।