ব্রাজিলের টানা দশম জয়
কোপা আমেরিকার আগে ব্রাজিলের জয়রথ আর থামেনি। শেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েই দক্ষিণ আমেরিকার সেরা টুর্নামেন্টে খেলতে চিলি যাচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজের দেশে হতাশার বিশ্বকাপের পর এ নিয়ে টানা দশটি ম্যাচ জিতল দুঙ্গার দল।
মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের আগের ম্যাচে খেলেননি দলের সবচেয়ে বড় তারকা নেইমার। পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচে বার্সেলোনার এই তারকা দলে থাকলেও নেমেছেন দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধেই অবশ্য রবের্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।
৩৩তম মিনিটে চেলসি ফুলব্যাক ফিলিপে লুইস নিজের অর্ধ থেকে বল নিয়ে এসে কৌতিনিয়োর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাড়ান ফিরমিনোকে। এগিয়ে আসা গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেন হফেনহাইমের এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
প্রায় সবসময় বৃষ্টির মধ্যে চলা ম্যাচটি তেমন একটা উত্তেজনা ছড়াতে পারেনি। হন্ডুরাস তো পুরো ম্যাচে গোলে বলতে গেলে শটই নিতে পারেনি।
বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে লজ্জার হারে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নেন সাবেক খেলোয়াড় দুঙ্গা। এরপর থেকে দশটি ম্যাচ খেলে সবকটিতেই জিতল ব্রাজিল। টানা এই জয়ের পথে কলম্বিয়া, চিলি, আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো শক্তিশালী দলকেও হারায় তারা।
ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। ব্রাজিল ‘সি’ গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচ খেলবে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।
