২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার খরা, ব্রাজিলের হতাশা কাটানোর লক্ষ্য

২২ বছরের শিরোপা খরা কাটাতে এবারের কোপা আমেরিকাকে লক্ষ্য করেছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি ব্রাজিল গত বিশ্বকাপের হতাশা ভুলতে মহাদেশ সেরার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলতে চায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

দুঙ্গার ব্রাজিল তাদের সবশেষ ৯টি ম্যাচ জিতেছে। পোর্তো আলেগ্রেতে হন্ডুরাসের বিপক্ষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় প্রীতি ম্যাচটি জিতলে টানা দশ জয় নিয়ে কোপা আমেরিকায় পা রাখবে ব্রাজিল।

দুঙ্গার অধীনে গত ৯ ম্যাচে মাত্র দুবারই ব্রাজিলের জালে বল জড়িয়েছে। এই ম্যাচগুলোয় তারা হারায় আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও ফ্রান্সের মতো দলকে।

সব কিছুর পরও ব্রাজিলকে একটি বিষয় না খুঁচিয়ে পারে না। দেশের মাটিতে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেই হতাশা এবার ভুলতে চায় আট বারের কোপা আমেরিকা জয়ী দেশটি।

কোপা আমেরিকায় ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে এসেছেন তিনি। তবে কোপা আমেরিকায় ব্রাজিল পাচ্ছে না মাঝমাঠের ভরসা অস্কার ও লুইস গুস্তাভোকে। আর রক্ষণে থাকছেন না মার্সেলো। তিনজনই চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন।

ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। ব্রাজিল 'সি' গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচ খেলবে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।

আর্জেন্টিনা গত ২২ বছরে বড় কোনো শিরোপা জেতেনি। ১৯৯১ সালের পর ১৯৯৩ সালেও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আর বড় কোনো শিরোপা জেতেনি ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দেশটি।

সবশেষ বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। আর তাদের কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে ২০০৪ ও ২০০৭ সালে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে। ২০১১ সালে সেবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে যান লিওনেল মেসি, কার্লোস তেভেসরা।

১৪ বার কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনাকে এবার আবার চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন মেসি। মেসির এই স্বপ্ন পূরণের অভিযান শুরু হবে প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় আগামী রোববারের ম্যাচ দিয়ে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও জ্যামাইকা।

৯৯ বছরের ব্যর্থতা ঢাকার স্বপ্ন দেখছে এবারের স্বাগতিক চিলি। এই সময়ে ৩৬বার কোপা আমেরিকায় খেলেছে দেশটি, কিন্তু এখনও পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা। চারবার রানার্সআপ হওয়া আর পাঁচবার তৃতীয় স্থানে থেকে কোপা আমেরিকা শেষ করা দলটি এবার শিরোপা উৎসবের স্বপ্ন দেখছে।

বলিভিয়া, কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু এ অঞ্চলের ফুটবল পরাশক্তি না হলেও এই দেশ চারটিও অন্তত একবার করে কোপা আমেরিকার শিরোপা জিতেছে। কিন্তু চিলির সাফল্য সর্বোচ্চ দ্বিতীয় স্থান পর্যন্তই।

সান্তিয়াগো জাতীয় স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলার আগে বিষয়টি নিয়ে কথা বলেন চিলির অধিনায়ক ও গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

"এটা আমাদের সবার জন্য বড় এক চ্যালেঞ্জ।"

কোপা আমেরিকায় মূল চাপ অবশ্য প্রায়শই শিরোপা জেতা দলগুলোর ওপর থাকে বলে মনে করেন ক্লাওদিও।