কিরগিজস্তানের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশ
পরিসংখ্যান পেছনে রেখে ফিফার র্যাঙ্কিংয়ে তাকালে কিরগিজস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। তাছাড়া নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলার বাড়তি সুবিধাও পাবে মামুনুল-এমিলিরা। তাই কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের সম্ভাবনা নিয়ে দারুণ প্রত্যয়ী স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকাল ৫টায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও কিরগিজস্তান। এ ম্যাচ সামনে রেখে আগের দিন বুধবার সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য মেলে ধরে দুই দল।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৬৬তম স্থানে উঠে এসেছে। কিরগিজস্তান আছে ১৭৭তম স্থানে। জয়ের স্বপ্নটা দেখলেও বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং কিরগিজস্তান কোচ আলেক্সান্ডার ক্রেস্তিনিন র্যাঙ্কিংয়ের এই অবস্থানকে মোটেও আমলে নিচ্ছেন না।
বিশ্বকাপের বাছাইয়ে চাওয়া পূরণের জন্য লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক’দিন আগে সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন এমিলি-মামুনুলরা। কোচ ক্রুইফও জানিয়েছেন, কিরগিজস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে সম্ভাব্য সব প্রস্তুতিই নিয়েছে তার দল। তিনি বলেন, “আগামীকাল আমাদের সম্ভাবনা আছে।”
সম্ভাবনার উল্টো পিঠে অবশ্য শঙ্কাও কম নয়। একে তো পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই; ২০০৭ সালের নেহেরু কাপে ৩-০ গোলে এবং ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে ২-১ গোলে কিরগিজস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।
সঙ্গে যোগ হয়েছে চোট নিয়ে দুর্ভাবনা। চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড জাহিদ হোসেন, মিডফিল্ডার রিয়াসাত ইসলাম।
কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ২৩ জনের দলের ‘ফিটনেস’ নিয়েও পুরোনো কথাই শুনিয়েছেন ক্রুইফ। সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর নেদারল্যান্ডসের এই কোচ বলেছিলেন “বর্তমান দলের ১১ জনের পুরো নব্বই মিনিট খেলার মতো ফিটনেস আছে’, বুধবারের সংবাদ সম্মেলনে সে সংখ্যা বেড়ে হলো ‘১৩-১৪ জন’! তারপরও আশাবাদী ক্রুইফ।
স্বাগতিক কোচের আশাবাদী হয়ে ওঠার আরেকটি কারণ লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ম্যাচের বাইরে রয়েছে কিরগিজস্তান। অতিথি দলটি সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৪ সালের সেপ্টেম্বরে, কাজাখস্তানের বিপক্ষে। বেশ পুরোনো কিছু ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেওয়া ক্রুইফ এ প্রসঙ্গে বলেন, “তাদের অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলা আমাদের জন্য সুবিধা।”
তবে শারীরিক শক্তির দিক দিয়ে দীর্ঘদেহী কিরগিজস্তানের খেলোয়াড়দের এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য অবশ্য প্রস্তুতির কমতি রাখেনি কিরগিজস্তান। দলটির কোচ জানিয়েছেন, বাংলাদেশে আসার আগে এক সপ্তাহ দুবাইয়ে নিরিবিলি অনুশীলন করেছে তার দল। বাংলাদেশ সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও অতিথি দলের কোচ সমীহের সুরেই বললেন, “আগামীকালের ম্যাচটি কঠিন হবে।”
