'বার্সার জাত চেনানোর সুযোগ'
বার্সেলোনা কী করতে পারে, সেটা দেখানোর জন্য ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি অনন্য এক সুযোগ এনে দিয়েছে বলে মনে করেন ক্লাবটির ডিফেন্ডার জেরার্দ পিকে।
এরই মধ্যে স্পেনের লা লিগা ও কাপ জয় করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আনন্দে ভাসবে তারা। সব মিলিয়ে বার্সেলোনার অসাধারণ একটি মৌসুমই কাটতে যাচ্ছে বলে মনে করেন পিকে।
"মুহূর্তটি আমাদের ওপরই নির্ভর করে। আমাদের সামর্থ্য কী, বিশ্বকে এটা দেখানোর জন্য এটা একটা অনন্য সুযোগ।"
শনিবার ইউভেন্তুসের বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি বার্লিনে শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। এই ম্যাচের আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে পিকে বরাবরেই মতোই ট্রেবল জয়ের স্বপ্নের কথা জানান।
