লা লিগার শেষ ২ রাউন্ড নিয়ে শঙ্কা কাটল
লা লিগা নিয়ে শঙ্কা কেটেছে। আদালতের নির্দেশে খেলোয়াড়দের ধর্মঘট উঠে যাওয়ায় বাকি দুই রাউন্ডের খেলা সময়মতোই হবে।
টিভি স্বত্বের নতুন আইন প্রণয়ন নিয়ে অসন্তোষ দেখিয়ে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট ডেকেছিল। আর ১৬ মে থেকে লা লিগাসহ স্পেনের সব ধরনের ঘরোয়া ফুটবল স্থগিত করার ঘোষণা দিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন।
প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের বিরুদ্ধে স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষ আদালতে যায়। আদালত শেষ দুই রাউন্ডের খেলা চালানোর আদেশ দেয়।
হাই কোর্টের প্রতি সম্মান দেখিয়ে ফুটবল ফেডারেশনও ঘরোয়া ফুটবল স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসে।
লা লিগা শেষ হতে আর দুই রাউন্ডই বাকি আছে। ৩৬ রাউন্ড শেষে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৯০ পয়েন্ট তাদের, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬।
