বার্সার মুখোমুখি হওয়ার আগে বায়ার্নের আরেকটি হার
বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই পথ হারিয়ে বসেছে বায়ার্ন মিউনিখ। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে টানা চতুর্থ ম্যাচ হারল জার্মানির সফলতম ক্লাবটি।
জার্মানির ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ বুন্দেসলিগায় শনিবার অগসবুর্গের কাছে ১-০ গোলে হারে বায়ার্ন।
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় ৭১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অগসবুর্গের প্যারাগুয়ের স্ট্রাইকার রাউল বোবাদিয়া। পঞ্চদশ মিনিটে অগসবুর্গের ডাচ ডিফেন্ডার পল ভারহেগ পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ না হলে বায়ার্নের হারের ব্যবধানটা বড় হতে পারত।
গত ২৬ এপ্রিল চার রাউন্ড বাকি থাকতে শিরোপা জেতা বায়ার্নের লিগে এটা টানা দ্বিতীয় হার।
আর সব প্রতিযোগিতা মিলে টানা চতুর্থ ম্যাচে হারল তারা। জার্মান কাপের সেমি-ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ এ ড্র করার পর টাইব্রেকারে হারে বায়ার্ন। আর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে তারা।
বার্সেলোনার বিপক্ষে আগামী মঙ্গলবার ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে শেষ চারের ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে বায়ার্ন।
