২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত হচ্ছে মেসি-রোনালদোদের খেলা

লা লিগার শেষ দুই রাউন্ডের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্পেনের সরকারের সঙ্গে টিভি স্বত্ব নিয়ে বিবাদের জের ধরে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 04:50 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে আগামী ১৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়। এর ফলে স্পেনের ঘরোয়া ফুটবলে সবধরণের খেলাই বন্ধ থাকবে।

ধর্মঘটের কারণে স্পেন জুড়ে ৬ লাখ খেলোয়াড় ও ৩০ হাজার ম্যাচের উপর প্রভাব পড়বে।

স্পেনের লা লিগায় ৩৫ রাউন্ড শেষে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৮৭ পয়েন্ট তাদের, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৫।

টিভি স্বত্ব নিয়ে সম্প্রতি স্পেনের মন্ত্রী সভায় নতুন আইন পাশ হয়। আইনটি এখন পার্লামেন্টে পাশ হওয়ার অপেক্ষায় আছে। স্পেনের পেশাদার ফুটবল লিগের (এলএফপি) সমর্থন নিয়ে এই আইন তৈরি করা হয়। টিভি স্বত্বের টাকা বন্টনে আরও সাম্য আনার লক্ষ্যও আছে আইনটির।

তবে স্পেনের ফুটবল ফেডারেশন ও প্লেয়ার্স ইউনিয়ন নতুন এই আইনের বিরুদ্ধে। ধর্মঘট ডাকার বিবৃতিতে স্পেনের ফুটবল ফেডারেশন উল্লেখ করে, সরকার আইনটি নিয়ে তাদের সঙ্গে যথাযথ আলোচনা করেনি।

স্পেন সরকারের স্পোর্টস কাউন্সিল বুধবার এক বিবৃতির মাধ্যমে পাশ হতে চলা আইনটিকেই সমর্থন জানায়। নতুন এই আইন অনুযায়ী প্রত্যেক ক্লাবের আলাদা করে টিভি স্বত্ব বিক্রির রীতি বন্ধ হবে।   

টিভি স্বত্বের বর্তমান নিয়ম বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ আর তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতো বড় ক্লাবগুলোর জন্য সুবিধাজনক।