মেসিকে বদলে দিয়েছে ছেলে থিয়াগো
পিতৃত্ব উপভোগ করতে থাকা বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি এখন অনেক বেশি পরিণত। এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার জানিয়েছেন, ছেলে থিয়াগো তার জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছে; এর প্রভাব পড়েছে মাঠের খেলাতেও।
বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে মেসি জানান, এখন তার কাছে সবচেয়ে আগে দুই বছরের থিয়াগো; বাকি সব আসে এর পরে। এ ভাবনাই বদলে দিয়েছে তাকে।
"আমি একটি ম্যাচকে কিভাবে দেখি, তা পাল্টে দিয়েছে এটি। এর আগে হারলে অথবা আমি কোনো ভুল করলে রাগ কমা না পর্যন্ত আমি তিন-চার দিন কারও সঙ্গে কথা বলতাম না। আর এখন আমি একটা ম্যাচ হারলে বাসায় গিয়ে আমার ছেলেকে দেখি। আর তখন সব কিছু আমি ভুলে যাই।"
"বাবা হওয়াটা আমাকে বাড়তে সহায়তা করেছে। আমি মনে করি, এটা পরিণত হওয়ার একটি অংশ। এটা আমাকে ফুটবল সংক্রান্ত কারণে না ক্ষেপে যেতে সাহায্য করে। আমাকে ভাবতে সাহায্য করে যে, ফুটবল ছাড়াও জীবনে আরও অন্য কিছু আছে।"
মেসি জানান, এ মৌসুমে নিজের খেলা নিয়ে তিনি সন্তুষ্ট।
"গত মৌসুমে চোটের কারণে আমি অনেক ম্যাচ খেলতে পারিনি। আমি দ্রুত গত মৌসুম পেছনে ফেলেছি এবং আমার সেরায় ফিরেছি।... এখন আমি দারুণ অনুভব করছি।"
