সেল্তার বিপক্ষে বার্সার প্রতিশোধের ম্যাচ
ইতিহাস-ঐতিহ্য আর তারকাদ্যুতিতে সেল্তা ভিগোর চেয়ে অনেক এগিয়ে বার্সেলোনা। পিছিয়ে থাকা এই দলের বিপক্ষে এবারের লড়াইটি তবু কাম্প নউয়ের দলটির জন্য প্রতিশোধের উপলক্ষ।
রোববার স্পেনের লা লিগায় সেল্তা ভিগোর মাঠে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
লিগের প্রথমার্ধে এই সেল্তার কাছে নিজেদের মাঠে হেরে শীর্ষস্থান হারিয়েছিল লুইস এনরিকের দল। এরপর এ বছরের শুরু থেকে দারুণ খেলে শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। কিন্তু কাম্প নউতে ওই ১-০ গোলের হারটি ভুলতে পারেনি বার্সেলোনা।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে আবার মাঠে নামা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার মুখপাত্র হয়ে আসেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তার কথায়ই স্পষ্ট হয়, বার্সেলোনার জন্য সেল্তার বিপক্ষে ম্যাচটি প্রতিশোধের।
“ঘটনা হচ্ছে, কাম্প নউতে তাদের জয়ের ফলে ম্যাচটি আমরা অন্য ভাবে দেখছি। সেল্তার বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের খেলায় আস্থা রাখা।”
বার্সেলোনা কোচ এনরিকের জন্য সেল্তার বিপক্ষে ম্যাচটিতে আবেগও থাকবে। গত মৌসুমে দলটির কোচ ছিলেন এনরিকে। বার্সেলোনার কোচ হওয়ার পর এই প্রথম সেখানে যাচ্ছেন তিনি।
এনরিকের আবেগ আর বার্সেলোনা খেলোয়াড়দের প্রতিশোধের ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা যিনি রাখতে পারেন, সেই মেসির খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। গত ২২ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যান আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু চোটের কারণে কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনি।
"আমার কাছে তাকে ভালোই মনে হয়েছে।"
বৃহস্পতিবার মেসি এবং তার স্বদেশি হাভিয়ের মাসচেরানো ক্লাবে ফেরার পর বার্সেলোনার অনুশীলন মাঠে কিছুটা দৌড়ান এবং অল্প শারীরিক অনুশীলন করেন। শুক্রবার পুরো দলের সঙ্গে অনুশীলনও করেন মেসি।
