ক্লাসিকোর আগে সতর্ক মেসি
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম ভালো না হওয়ায় আর বার্সেলোনা দারুণ ফর্মে থাকায় কাতালুনিয়া দলটিকে ফেভারিট মানছেন অনেকেই। তবে লিওনেল মেসির অভিমত ভিন্ন; খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বীরা লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।
আগামী রোববার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে লা লিগার দ্বিতীয় পর্বের 'ক্লাসিকো' ম্যাচটি।
গত অক্টোবরে প্রথম ক্লাসিকোর সময় দুর্দান্ত ফর্মে ছিল লিগের সফলতম ক্লাবটি। সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। ওই ম্যাচের আগে-পরে মিলে টানা ২২ জয়ের রেকর্ড গড়েছিল তারা। আর এবার ঠিক তার উল্টো অবস্থানে আছে কার্লো আনচেলত্তির দল।
২০১৫ সালের শুরু থেকে পথ হারানো রিয়াল সব প্রতিযোগিতায় তাদের শেষ ১৬ ম্যাচের পাঁচটিতে হেরেছে। এর মধ্যে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা। ইতোমধ্যে লিগের শীর্ষস্থানও হারায় স্পেনের সফলতম ক্লাবটি।
সব মিলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো 'ট্রেবল' জয়ের পথে ভালোভাবেই এগিয়ে চলেছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনোরকম ভুল করতে চান না মেসি।
আর্জেন্টিনা অধিনায়কের মতে, নিজেদের খারাপ অবস্থার মধ্যেই সবচেয়ে বিপজ্জনক দল হয়ে উঠে রিয়াল।
"আমরা তাদের অনেক সম্মান করি। এই অবস্থাতেই (রিয়াল) মাদ্রিদ সবচেয়ে ভয়ঙ্কর দল।"
প্রতিপক্ষের প্রশংসা করে মেসি বলেন, "ওরা মেধাবী খেলোয়াড়ে ভরা দারুণ একটা দল।"
এই বছরে বার্সেলোনার দুর্দান্ত পথচলায় অন্যতম বড় অবদান রয়েছে মেসির। শেষ ১৭ ম্যাচে ২০ বার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। লিগে এ পর্যন্ত ৩২ গোল করে সবার ওপরে আছেন তিনি। ২ গোল কম করে তার পেছনেই আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
