ক্লাসিকোর আগে ম্যান সিটি নিয়ে ভাবনা বার্সা কোচের
বার্সেলোনা কোচ লুইস এনরিকে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোর চেয়ে আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ দ্বৈরথ নিয়ে ভাবতে চান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের তিন দিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালুনিয়ার দলটি। এ ম্যাচ লা লিগার চলতি মৌসুমের শিরোপা নির্ধারণে দারুণ ভূমিকা রাখবে।
শনিবার রাতে লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ২-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। এ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের তালিকায় শীর্ষে আছে কাতালুনিয়ার দলটি। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল।
