২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পথে ফিরল ইউভেন্তুস

ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয়ের পথে ফিরেছে ইউভেন্তুস। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা আতালান্তার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

গত সপ্তাহে সেসেনার মাঠে ২-২ গোলে ড্র করেছিল ইউভেন্তুস।

শুক্রবার রাতে ইউভেন্তুস স্টেডিয়ামে ম্যাচটির ৩টি গোলই হয় প্রথমার্ধে।

২৫তম মিনিটে ইতালির মিডফিল্ডার জুলিও মিগলিয়াচ্চিওর গোলে পিছিয়ে পড়লেও ৩৯তম মিনিটে স্পেনের স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তের নৈপুণ্যে সমতায় ফেরে ইউভেন্তুস।

আর ৪৫তম মিনিটে ইউভেন্তুসের জয়সূচক গোলটি করেন ৩৫ বছর বয়সী তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি শিরোপা ধরে রাখার পথে আরও এগিয়ে গেল ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।