২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর পাশেই আছেন আনচেলত্তি

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জেতার পরও কথা উঠেছে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল না পাওয়া নিয়ে। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য তার দলের সেরা তারকার পাশেই আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 12:21 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

দেপোর্তিভোকে হারিয়ে স্বস্তি রিয়ালের

শনিবার রাতে স্পেনের লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে দেপোর্তিভোকে ২-০ গোলে হারায় রিয়াল। কার্লো আনচেলত্তির দলের পক্ষে গোল দুটি করেন ইসকো ও করিম বেনজেমা।

এই জয়ে শীর্ষস্থানে থাকাটা নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট বেড়ে হলো ৫৭। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫০।

এমন একটি জয়ের পরও বের্নাবেউতে অনেকেই খুশি নন। কারণ, দলের সেরা তারকার গোল না পাওয়া। তবে এ নিয়ে চিন্তিত নন আনচেলত্তি।

"ম্যাচ বিশ্লেষণ ইতিবাচক। সে গোল করেনি, কিন্তু বিপজ্জনক ছিল। একটি শট বারে লাগে, একটা (গোলে) অবদান, সে গোল করতেও পারত…সে পাস মিস করেনি। ভালোই ছিল।"

আগের সপ্তাহেই নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। সেই ম্যাচে গোলরক্ষক ইকের কাসিয়াসের একটি ভুলেই প্রথম গোলটি খেয়েছিল তারা।

এই ম্যাচের শুরুতেই কাসিয়াসকে দুয়ো দেয় সমর্থকরা। আসলে পুরো দলকেই দুয়ো দেয় তারা। তবে এ নিয়ে মোটেই ভাবছেন না আনচেলত্তি। দলের ইতিবাচক ফলে খুশি তিনি।

"শুরুতে দুয়ো দিয়েছিল, কিন্তু সে সত্যি ভালো খেলেছে এবং শীর্ষ মানের একটি ম্যাচ গেছে। ওই দুয়ো পরে হাততালিতে রূপ নেয়।