২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেপোর্তিভোকে হারিয়ে স্বস্তি রিয়ালের

আতলেতিকো মাদ্রিদের মাঠে বিশাল ব্যবধানে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়া রিয়াল মাদ্রিদের একটা জয় বড় প্রয়োজন ছিল। দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে এই রাউন্ডে শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত করল লিগের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 01:02 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

শনিবার রাতে দেপোর্তিভোকে ২-০ গোলে হারায় রিয়াল। কার্লো আনচেলত্তির দলের পক্ষে গোল দুটি করেন ইসকো ও করিম বেনজেমা।

২৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট বেড়ে হলো ৫৭। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫০।

আতলেতিকোর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে রিয়াল কক্ষপথে ফিরলেও ঘরের মাঠের এই জয় মোটেও সহজ ছিল না। ইউরোপ চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায়ই ফেলেছিল দ্বাদশ স্থানে থাকা দেপোর্তিভো।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম ১০ মিনিটে তো বলের দখল নিতেই রীতিমত লড়তে হয় রিয়ালকে। ওই সময় পিছিয়েও পড়তে পারতো তারা, তবে দুই দুইবার ভালো সুযোগ পেয়েও অতিথিরা তা কাজে লাগাতে না পারেনি।

এরপর ধীরে ধীরে ছন্দ ফিরে পায় রিয়াল। ত্রয়োদশ মিনিটে দারুণ একটা সুযোগও পেয়ে যায় দলটি, কিন্তু ডি বক্সের ঠিক বাইরে থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর নেয়া শটটা বারে লাগলে হতাশ হতে হয় স্বাগতিক দর্শকদের।

১৯ ও ২০ তম মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করে রিয়াল।

অবশেষে ২২তম মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে দুর্দান্ত কোনাকুনি শটে বল জালে পাঠান স্পেনের মিডফিল্ডার ইসকো।

ওই গোলের আগমুর্হতে গোল লাইনের খুব কাছ থেকে সহজ একটা সুযোগ নষ্ট করেন রোনালদো। প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটা ভালো আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। ৪৯তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগও পায় দেপোর্তিভো। কিন্তু তাদের কোস্টা রিকার মিডফিল্ডার সেলসো বোর্হেসের শট পোস্টে লাগলে ফের বেঁচে যায় রিয়াল।

৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। রোনালদোর আড়াআড়ি পাস পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার।

দল জয়ে ফিরলেও গোল খরা কাটাতে পারেননি এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ৮৭তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে দারুণ একটি সাইড ভলি করেছিলেন তিনি, কিন্তু পোস্টের অল্প দূর দিয়ে বল চলে যায়। গত সপ্তাহে আতলেতিকোর মাঠে তো একরকম নিষ্প্রভই ছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।