রদ্রিগেসের পায়ে সফল অস্ত্রোপচার
রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
রিয়াল তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিকিৎসক মারিয়ানো দে প্রাদোর অধীনে রদ্রিগেসের ডান পায়ে অস্ত্রোপচার করা হয়।
রদ্রিগেসের সফল অস্ত্রোপচার হলেও ক্লাবের দুশ্চিন্তা অবশ্য খুব একটা কমছে না। কারণ চোট কাটিয়ে ওঠার সব প্রক্রিয়া ঠিকমতো এগোলেও আগামী ১৪-১৫ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের আগে তার ফেরার কোনো সম্ভাবনা নেই।
বুধবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে আহত হন রদ্রিগেস। ওই ম্যাচের দ্বাদশ মিনিটে তার দারুণ হেডেই এগিয়ে যায় রিয়াল। তার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রদ্রিগেসকে। পরে ক্লাবের ওয়েবসাইটে কলম্বিয়ার এই মিডফিল্ডারের পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে যাওয়ার খবর জানানো হয়।
আগামী শনিবার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে রিয়াল। তাই এতবড় ম্যাচের আগে অন্যতম সেরা খেলোয়াড়কে হারানোটা তাদের জন্য বড় এক দুশ্চিন্তাই বটে।
২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৪৭।
