বাংলাদেশকে সমীহ করেই শিরোপার স্বপ্ন থাইল্যান্ডের
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার পর আরো বড় স্বপ্ন দেখছে থাইল্যান্ড। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে এ আসরে ফাইনালে খেলার আশা করছে দলটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী শুক্রবার বিকাল পাঁচটায় দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ড। শেষ চারের টিকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে থাইল্যান্ড অধিনায়ক পারম্পক পাকর্ন মামুনুলদের বিপক্ষে জয়ের আশার কথা বলেন।
“সেমি-ফাইনালে জিতে আমরা ফাইনালে উঠতে চাই। বাংলাদেশ নিজেদের মাঠে অনেক দর্শকের সামনে খেলবে। তবে আমরা এ আসরের শিরোপা জিততে চাই।”
গ্রুপ পর্বের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ছয় গোল করে থাইল্যান্ড। সিলেট জেলা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করে তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাহরাইনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে দলটি।
গত দুই ম্যাচে শিষ্যরা প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরালেও বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে একটু সতর্ক থাইল্যান্ড কোচ ফোমরাত চোকতাভি। মামুনুল-এমিলিদের অভিজ্ঞতাকে সমীহ করেই ফাইনালের ওঠার ছক কষছেন তিনি।
“সেমি-ফাইনালে বাংলাদেশ আমাদের জন্য সহজ প্রতিপক্ষ হবে না। তাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাছাড়া নিজেদের মাঠে খেলবে বাংলাদেশ।”
গ্রুপের দুই ম্যাচে দলের খেলোয়াড়রা চোট না পাওয়ায় দারুণ স্বস্তিতে আছেন চোকতাভি। তবে বাংলাদেশকে টপকে ফাইনালের লক্ষ্য পূরণ করতে হলে খেলায় আরো উন্নতি করতে হবে বলে জানান তিনি।
