ফরোয়ার্ডদের গোল খরা নিয়ে ভাবনায় বাংলাদেশ
বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার আনন্দের পাশাপাশি গ্রুপ পর্বে খেলা দুই ম্যাচে মাত্র একটি গোল পাওয়ার হতাশাও রয়েছে বাংলাদেশ শিবিরে। কাপের ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করতে হলে গোল খরা কাটিয়ে ওঠাই হবে স্বাগতিকদের জন্য আসল চ্যালেঞ্জ।
অধিনায়ক মামুনুল ইসলাম এবং সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল পাওয়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসও মানছেন, গোলের সুযোগ তৈরি করতে পারলেও সে তুলনায় গোল আসছে না।
গ্রুপ পর্বে গোলবঞ্চিত থাকা ফরোয়ার্ড জাহিদ হোসেনও সোনারগাঁ হোটেলের লবিতে হওয়া আলাপচারিতায় জানালেন, সামনের ম্যাচগুলোতে গোলের সুযোগ হেলায় হারালে চলবে না।
প্রতিপক্ষের গোলমুখে এসে দরকারি ‘শেষ টোকাটা’ কেন দলের ফরোয়ার্ডরা দিতে পারছেন না, তা অবশ্য জানা নেই হেমন্তের। তবে দিনাজপুর থেকে উঠে আসা ১৮ বছর বয়সী মিডফিল্ডার মনে করেন, কঠোর অনুশীলন করলে এ দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব।
“জাতীয় দলের হয়ে এ নিয়ে দ্বিতীয় গোল পেলাম, ভীষণ ভালো লাগছে। তবে ফিনিশিং নিয়ে আমাদের আরো কাজ করতে হবে; গোলের সুযোগগুলো শুরু থেকে কাজে লাগানোর জন্য এ দিকটা নিয়ে বিশেষভাবে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের।”
দুই ম্যাচে প্রতিপক্ষের রক্ষণভাগে সতীর্থদের একাধিক সুযোগ তৈরি করে দেন জাহিদ। দলের সামর্থ্য নিয়ে কোনো সংশয় না থাকলেও গোল বেশি না হওয়ায় হতাশ তিনি।
“আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের সামর্থ্য আছে। অনেকে অনেক কথা বলেছে কিন্তু আমরা ঠিকই গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছি। তবে গোলের সুযোগগুলো আমাদের আরো বেশি করে কাজে লাগাতে হবে।”
প্রতিপক্ষের গোলমুখে এসেও বাংলাদেশের ফরোয়ার্ডদের গোল করতে না পারার ব্যর্থতা লম্বা সময় ধরেই চলছে। গত অগাস্টে নেপালের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচে বাংলাদেশ এক গোল পায়। সেনাবাহিনীর মাঠে হওয়া ম্যাচে ফরোয়ার্ডরা একাধিক সুযোগ হারানোর পর মিডফিল্ডার সোহেল রানা দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করলে জেতে বাংলাদেশ। কিন্তু সিলেটের ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ১-০ গোলে নেপালের কাছে হেরে যায় স্বাগতিকরা।
গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ; গোল করতে ব্যর্থতা ছিল সেবারও। যশোরের প্রথম ম্যাচে জাহিদ হাসান এমিলির গোলে জিতেছিল বাংলাদেশ; তবে ওই ম্যাচে ইয়ামিন মুন্নার দেয়া ক্রসে এমিলির নেয়া হেড অতি কষ্টে গড়িয়ে লক্ষ্যে পৌঁছেছিল। যশোরের ওই ম্যাচেই মিঠুন চৌধূরীর নেয়া একাধিক শট লক্ষ্যে থাকেনি।
এরপর জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পায়নি বাংলাদেশ। ৩-০ গোলে জাপানের কাছে হেরে যাওয়া ওই ম্যাচে পুরোটা সময় কোণঠাসা ছিল স্বাগতিকরা।
সিলেট জেলা স্টেডিয়ামে গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর কুড়ি-পঁচিশ মিনিট এলোমেলো ফুটবল খেলার পর ছন্দে ফেরে মামুনুলরা। কিন্তু ডান দিক দিয়ে জাহিদ হোসেনের গড়ে দেয়া তিনটি দারুণ সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেননি এমিলি।
ফরোয়ার্ডরা যে গোল খরা কাটিয়ে উঠবে, এ নিয়ে বেশ আশাবাদী মামুনুল। অধিনায়কের বিশ্বাস তার ফরোয়ার্ডদের গোলে ফেরা কেবল সময়ের ব্যাপার।
“দেখবেন, পরের ম্যাচ থেকে সব ঠিক হয়ে যাচ্ছে। ফিনিশিংয়ে যে সমস্যা হচ্ছে, আশা করি, তা কেঁটে যাবে। সবাই পাশে থাকলে আশা করি, শুরু থেকে পাওয়া সুযোগগুলো আমরা এরপর থেকে কাজে লাগাতে পারব।”
“টার্গেট পূরণের জন্য কমপ্যাক্ট অনুশীলন শুরু করব আমরা। সেখানে গোলের সুযোগগুলো কাজে লাগানোর জন্য বাড়তি গুরুত্বও দেয়া হবে।”
