মেসিকে ছাড়া চলবেই না এনরিকের
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা দলের কথা ভাবতেই পারছেন না লুইস এনরিকে। বার্সেলোনা কোচ চান, আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড ‘আরও অনেক বছর’ স্পেনের ক্লাবটিতে থাকবেন।
সম্প্রতি মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ওঠে। তারই সূত্র ধরে এলচের বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচের আগে বুধবার মেসির বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এনরিকে।
“মেসিকে ছাড়া দল আমরা চিন্তাই করি না।”
স্পেনের সংবাদমাধ্যমে গত অনেকদিন ধরেই বলা হচ্ছিল, কোচের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না মেসির। এর জের ধরেই মেসি ক্লাব কর্তৃপক্ষের কাছে এনরিকেকে বরখাস্ত করার আহবান জানান বলেও খবর প্রকাশ হয়।
মেসি গত রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচ জেতার পর সংবাদমাধ্যমে আসা সব খবর ‘মিথ্যা আর বানোয়াট’ বলে উল্লেখ করে বলেছিলেন, বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেনই না তিনি।
তবে পরের দিনই ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে গিয়ে এক সংবাদ সম্মেলনে মেসি বলেন, আগামী বছর তার ঠিকানা কী হবে সেটা তিনি নিজেই জানেন না।
