২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলচের বিপক্ষে বার্সেলোনার 'একতার' পরীক্ষা

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বলতে গেলে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। এলচের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় পর্বে লুইস এনরিকের পরীক্ষাটা একটু অন্যরকম। সম্প্রতি বার্সেলোনাকে নিয়ে স্পেনের গণমাধ্যমে আসা নেতিবাচক খবরগুলো তারা উড়িয়ে দিতে চায় নিজেদের ঐক্যবদ্ধ দেখিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

মেসি, নেইমার, সুয়ারেসে বার্সার দারুণ জয়

বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে এলচের মাঠে বাংলাদেশ সময় রাত ৩টায় খেলতে নামবে বার্সেলোনা।

নিজেদের মাঠ কাম্প নউতে প্রথম পর্বে ৫-০ গোলে জয় পায় বার্সেলোনা। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় বলাই যায়, শেষ আট প্রায় নিশ্চিত গত মৌসুমের কোপা দেল রের রানার্সআপদের।

এরপরও এই ম্যাচে পুরোশক্তির দলই খেলানোর পরিকল্পনা আছে বার্সেলোনার কোচ এনরিকের। কারণ একটাই-দলকে একতাবদ্ধ দেখানো।

"সংবাদমাধ্যমে যা বলা হয়েছে, মানুষ সাধারণত সেটাই জানে। কিন্তু আমি মনে করি, সবাই এখন কথা বলার সুযোগ পেয়েছে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, (সবাই মিলে) একজন হতে চাই।"

সম্প্রতি স্পেনের সংবাদমাধ্যমে লিওনেল মেসি আর এনরিকের ঝামেলা নিয়ে অনেক খবর প্রচার হয়। কেউ কেউ এও বলে, মেসি নাকি কোচের বরখাস্ত হওয়াও চান। আর বার্সেলোনা সেটা না করলে নাকি নিজেই ক্লাব ছেড়ে যাওয়ার হুমকি দেন।

গত রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জেতার পর অবশ্য মেসি বলেছিলেন, এর কোনোটিই তিনি চাননি। সংবাদমাধ্যমে যা এসেছে তার সবই মিথ্যা ও ভুয়া বলে উল্লেখ করেন মেসি।

সোমবার ফিফা-ব্যালন ডি'অর পুরস্কার ঘোষণার আগের এক সংবাদ সম্মেলনে মেসির বলা কথা নিয়ে আবার গুঞ্জন ওঠে। নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই অনিশ্চিত বলে জানান মেসি।

এলচের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনা শিবিরের মাথা ব্যথা এখন এ নিয়েই। তবে সেই মাথা ব্যথাও দূর করে দেয়ার মতো কথা বলেন সের্হিও বুসকেতস।

"মেসি মাটির মানুষ। সে অসাধারণ একজন খেলোয়াড় হতে পারে, কিন্তু সে আগে যেমন বলেছে যে, অন্য সবার মতো সেও দলের একজন সদস্য। সে তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে এবং সে বলেছে তার (ক্লাব) ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"