মেসি, নেইমার, সুয়ারেসে বার্সার দারুণ জয়
সব বিতর্ক পেছনে ফেলে জ্বলে উঠলেন লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেস। স্প্যানিশ কাপের শেষ ষোলোর ম্যাচে এলচেকে তাই ৫-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা।
গত রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না মেসি-নেইমার। ম্যাচটি হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ লুইস এনরিকে। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে আর এই ঝুঁকি নেননি তিনি।
একের পর এক আক্রমণ চালালেও প্রথম গোলটি পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট। অবশেষে সুয়ারেসের দারুণ পাসে সহজ গোলটি করেন ব্রাজিল তারকা নেইমার।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। বাঁ দিক থেকে বল নিয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
