আতলেতিকোর কাছে রিয়ালের আরেকটি হার
প্রতিশোধ নেয়া হলো না রিয়াল মাদ্রিদের, নগর প্রতিবেশী আতলেতিকো মাদ্রিদের কাছে মৌসুমে দ্বিতীয়বারের মতো হেরে গেল তারা। কোপা দেল রে শেষ ষোলোর প্রথম পর্বে কার্লো আনচেলত্তির দলকে ২-০ গোলে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
হঠাৎ কক্ষপথ থেকে ছিটকে পড়া রিয়ালের এটা টানা তৃতীয় হার। বছরের শেষ সপ্তাহে এসি মিলানের কাছে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হারের পর গত রোববার লিগে ভালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হারে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
গত সেপ্টেম্বরে লিগে দিয়েগো সিমেওনের দল আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল।
ইতালির ক্লাব মিলান থেকে ধারে খেলতে আসা ফের্নান্দো তরেসকে নিয়েই প্রথম একাদশ সাজান আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। অন্যদিকে, ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামে রিয়াল।
দলের সেরা তারকা না থাকলেও শুরুতে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে কোনো সমস্যা হয়নি রিয়ালের। তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সের্হিও রামোসের হেড কোনোমতে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
খানিক পর থেকে আতলেতিকোও পাল্টা আক্রমণে যেতে শুরু করে। ত্রয়োদশ মিনিটে গ্যারেথ বেল হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা গোল হয়নি। পরক্ষণে পাল্টা আক্রমণে দারুণ গতিতে বল নিয়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন আন্তোনিও গ্রিজমান। ফরাসি এই স্ট্রাইকারের শটটা একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর ধীরে ধীরে ম্যাচের চিত্র পাল্টাতে থাকে। বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও সুযোগ-সন্ধানী আতলেতিকোর আক্রমণভাগ প্রভাব বিস্তার করতে শুরু করে। ৩৪তম মিনিটে ভালো একটা সুযোগ নষ্ট করেন স্বাগতিকদের স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া।
দ্বিতীয়ার্ধে রিয়ালের রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে আতলেতিকো। ৫৮তম মিনিটে এগিয়েও যায় তারা।
ডি বক্সের মধ্যে রামোস প্রতিপক্ষের গার্সিয়াকে টেনে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। তা থেকে গার্সিয়া নিজেই বল জালে জড়ান।
এর সাত মিনিট পর রিয়াল কোচ আনচেলত্তি হামেস রদ্রিগেসের বদলে রোনালদোকে মাঠে নামান। দুইবারের বর্ষসেরার উপস্থিতিতে অতিথিদের আক্রমণের ধার কিছুটা বাড়লেও গোলের দেখা মেলেনি।
৭৯তম মিনিটে অসাধারণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন হোসে হিমেনেস। উরুগুয়ের এই ডিফেন্ডারের হেড ঠেকাতে ডান দিকে ঝাঁপিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেননি গোলরক্ষক কেইলর নাভাস।
আগামী বৃহস্পতিবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।
