২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুলতে বাধ্য হন মেসি

গণমাধ্যমে প্রকাশিত নানা খবরে বার্সেলোনা ক্লাবে অস্থিরতা দেখা দেওয়ায় জনসমক্ষে মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

গত বেশ কয়েকদিন ধরে স্পেনের গণমাধ্যমে কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ঝামেলা চলছে বলে খবর বের হয়। মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলে কেউ কেউ।

রোববার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর এ বিষয় নিয়ে কথা বলেন মেসি।

কোচ লুইস এনরিকের সঙ্গে কোনো ঝামেলা নেই এবং কোচের পদত্যাগ চাননি উল্লেখ করে মেসি জানান, তিনি বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথাও বলেননি।

ইএসপিএনে এক সাক্ষাৎকারে মেসি এই কথাগুলো কেন বলেছিলেন সেই ব্যাখ্যা দেন।

"সব কিছু থামানোর সময় এসে গিয়েছিল এবং আমি কথা বলতে চেয়েছি, কারণ ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হচ্ছিল।"

বার্সেলোনার অস্থিরতা চলছে বলে যে সংবাদগুলো ছাপা হচ্ছিল, সেগুলোকে তখনও 'মিথ্যা আর ভুয়া' বলে উল্লেখ করেছিলেন মেসি; এখনও তাই বললেন।

"পরিস্থিতি খারাপ ছিল এবং আমাদের কেউই মিথ্যা তথ্য ছাপা হওয়া দেখতে চাইছিল না। কারণ এটা দলের মনোভাবের ক্ষতি করে।"

এরপর মেসি বলেন, "আমি এ নিয়ে কথা বলতে চেয়েছি। আমি এর আগে কখনোই সামনে আসিনি এবং কিছুই অস্বীকার করিনি। কিন্তু আমি মনে করেছি, এসব বন্ধ করার এটাই সঠিক সময় ছিল। যা বলা হয়েছে, সেগুলো সত্য ছিল না বলে আমি রাগান্বিত।"

পুরনো খবর:

‘মিথ্যার’ বিরুদ্ধে মুখ খুললেন মেসি