২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যার’ বিরুদ্ধে মুখ খুললেন মেসি

কোচের সঙ্গে ঝামেলা আর ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন লিওনেল মেসি। এ নিয়ে সংবাদমাধ্যমের খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:02 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

গত বেশ কয়েকদিন ধরে স্পেনের গণমাধ্যমে কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ঝামেলা চলছে বলে খবর বের হয়। মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলে কেউ কেউ।

রোববার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর এ বিষয় নিয়ে কথা বলেন মেসি।

“কোনো দলের জন্য আমার (বার্সেলোনা) ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। না চেলসির জন্য, না ম্যানচেস্টার সিটির জন্য। মানুষ যা বলছে, এসব নিয়ে আমি খুবই ক্লান্ত। আমি ক্লাবকে কাউকে বরখাস্ত করতে বলিনি।”

মেসি তার পেশাদার ফুটবল জীবনের পুরোটাই এখন পর্যন্ত বার্সেলোনায় কাটান। ২০০৪ সালে স্পেনের ক্লাবটির হয়ে অভিষেক হয় আর্জেন্টিনার এই তারকার। এরপর এই ক্লাবে থেকেই তিনি জেতেন অসংখ্য ব্যক্তিগত আর দলীয় পুরস্কার।

চারবার বর্ষসেরার পুরস্কার জেতা মেসি বার্সেলোনার হয়ে ৬টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় চুমো আঁকেন।

মেসি সবসময়ই বলে এসেছেন, বার্সেলোনায় তিনি সুখেই আছেন এবং পুরোটা ক্যারিয়ার এখানেই কাটাতে চান। এখনো এই সিদ্ধান্ত পরিবর্তনের মতো কিছু হয়নি বলেই মনে করেন তিনি।

“যা কিছু বলা হয়েছে সব মিথ্যা এবং আমি মানুষকে জানাতে চাই, যা বলা হয়েছে সব ভুয়া।”

বার্সেলোনার অর্জনে ঈর্ষান্বিত হয়ে দলটির ক্ষতি করার জন্য মানুষ এসব করছে বলে উল্লেখ করেন মেসি।

“মানুষ এসব বলে, কারণ তারা আমাদের ক্ষতি করতে চায়। এটা কষ্ট দেয়, কারণ এটা বার্সেলোনার মানুষদের কাছ থেকেই এসেছে। আমাদের অবশ্যই সংঘবদ্ধ থাকতে হবে।”