গোলের আনন্দে তত্তির সেলফি
বিচিত্রভাবে গোল উদযাপন করলেন রোমার ফরোয়ার্ড ফ্রান্সেসকো তত্তি। লাৎসিওর বিপক্ষে গোল করার পর মুঠোফোনে সেলফি তুলেছেন ইতালির এই সাবেক তারকা।
লাৎসিওর জালে ব্যক্তিগত দ্বিতীয় গোল করার পর তত্তিকে দলের এক কোচিং স্টাফ মুঠোফোন দেন। এই দুই গোলের সাহায্যে সেরি আতে নিজের গোল সংখ্যা ২৩৯-এ নিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।
দারুণ এই মাইলফলক স্মৃতির পাতায় ধরে রাখতে ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তত্তি।
রোববার রাতে ২-০ গোলে পিছিয়ে পড়েও তত্তির নৈপুণ্যে নগর প্রতিবেশী লাৎসিওর সঙ্গে ড্র করে রোমা।
৪৮তম মিনিটে দারুণ কোনাকুনি শটে গোল করে রোমাকে ম্যাচে ফেরান তত্তি। ১৬ মিনিট পর পোস্টের খুব কাছাকাছি থেকে নিখুঁত শটে রোমাকে ২-২ গোলের সমতায় ফেরান তিনি।
