২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের সঙ্গে ড্র করে পেছাল সিটি

এভারটনের সঙ্গে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসির চেয়ে পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 11:35 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

অস্কারের নৈপুণ্যে শীর্ষে চেলসি
নতুন বছরে লিভারপুলের প্রথম জয়

শনিবার রাতে এভারটনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারানো চেলসির পয়েন্ট ৪৯।

গুডিসন পার্কে প্রথম ২০ মিনিটে এগিয়ে যাওয়ার তিনটি সুযোগ নষ্ট করে সিটি। দশম ও ২০তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট নেন মন্টেনেগ্রোর স্ট্রাইকার স্তেভান ইয়োভেতিচ। আর চতুর্দশ মিনিটে হেসুস নাভাসের শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট করেন ইয়োভেতিচ।

প্রথম ৪০ মিনিটে ভালো কোনো সুযোগ না পাওয়া এভারটন বিরতির আগের পাঁচ মিনিটে জ্বলে ওঠে। ৪৩তম মিনিটে পরপর দারুণ দুটি সুযোগ পায় তারা। প্রথমে বেলজিয়ামের স্ট্রইকার রোমেলু লুকাকুর শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরে আইরিশ ডিফেন্ডার সিমাস কোলেমানের ডি বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট ক্রসবারে লাগে।

৫৭তম মিনিটে লুকাকুর দুর্দান্ত কোনাকুনি শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক জো হার্ট।

অবশেষে ৭৪তম মিনিটে এগিয়ে যায় সিটি। দাভিদ সিলভার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক বদলালে তাতে দর্শনীয় হেড করে গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়ো।

বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি সিটি। চার মিনিট পরেই স্কটিশ স্ট্রাইকার স্টিভেন নাইস্মিথের দারুণ হেডে ম্যাচে ফেরে এভারটন।

শেষ পাঁচ মিনিটে সের্হিও আগুয়েরো ও সামির নাসরি গোলের সুযোগ নষ্ট করলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মানুয়েল পেল্লেগ্রিনির সিটিকে।