২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে লিভারপুলের প্রথম জয়

নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডকে একমাত্র গোলে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 09:17 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

অস্কারের নৈপুণ্যে শীর্ষে চেলসি
এভারটনের সঙ্গে ড্র করে পেছাল সিটি

বছরের প্রথম দিনে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল।

শনিবার প্রতিপক্ষের মাঠে অষ্টম মিনিটে লাজার মার্কোভিচের নৈপুণ্যে এগিয়ে যায় লিভারপুল। ইতালির স্ট্রাইকার ফাবিও বোরিনির সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে গোলটি করেন সার্বিয়ার এই স্ট্রাইকার।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও দুর্ভাগ্যবশত তা কাজে লাগাতে পারেননি মার্কোভিচ। ডি বক্সের বাইরে থেকে নেয়া তার দুর্দান্ত শটটি বারে লাগে।

৪৪তম মিনিটে আরেকবার হতাশায় পোড়ে লিভারপুল; বোরিনির প্রচেষ্টা একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বড় একটা ধাক্কা খায় সান্ডারল্যান্ড; দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার লিয়াম ব্রিডকাট।

১০ জনের দল নিয়েও ৫২তম মিনিটে ভালো একটি আক্রমণ করে স্বাগতিকরা। গোলও পেয়ে যেতে পারতো তারা, কিন্তু ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম জনসনের শট বারে লাগে।

যোগ করা সময়ে স্বাগতিকরা আরেকটি ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে অল রেডরা।

এই জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আপাতত অষ্টম স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে সান্ডারল্যান্ডের পয়েন্ট ২০।