২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো সাফল্য চাই ‘চ্যাম্পিয়ন’ সিদ্দিকুরের

চোট আর ফর্মহীনতার জন্য ২০১৪ সালটা ভালো যায়নি সিদ্দিকুর রহমানের। তবে চোট থেকে ফেরার পর বছরের প্রথম দিনেই সাফল্য পাওয়ায় ২০১৫ সালে ভালো করার স্বপ্ন দেখছেন দেশসেরা এই গলফার।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু সিদ্দিকুরের

নতুন বছরের প্রথম দিনেই জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতেন সিদ্দিকুর। কুর্মিটোলা গলফ কোর্সে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে পারের চেয়ে মোট ১৮ শট কম খেলে প্রথম হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাতকারে সামনে আরো শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানান এশিয়ান ট্যুরের দুটো ট্রফি জেতা এই গলফার।

“ক’দিন পরই শুরু হবে সামিট ওপেন। এটা আমাদের স্থানীয় আসর। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়ান ট্যুরের আসরগুলো। মালয়েশিয়াতে একটা খেলা আছে। আপাতত এগুলোতে সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়েই এগুতে চাই।”

এশিয়ান ট্যুরে অর্ডার অব মেরিটে ওপরের দিকে থাকায় অস্ট্রেলিয়াতে গলফ বিশ্বকাপের গত আসরে খেলার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। গত চারটি মৌসুমের তিনটিতেই তিনি ছিলেন অর্ডার অব মেরিটের সেরা দশের মধ্যে।

এ মৌসুমে অবশ্য এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে ৩৬তম স্থানে আছেন সিদ্দিকুর। ফলে পরের বিশ্বকাপ নিয়ে এখনই খুব বেশি ভাবছেন না তিনি।

হাতের তালুর মতো চেনা কুর্মিটোলা কোর্সে এবার নিজের গড়া আগের রেকর্ডটা ভাঙতে পারেননি সিদ্দিকুর। ২০১১ সালে নির্ধারিত পারের চেয়ে ১৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেটা না হওয়ায় অবশ্য আক্ষেপ নেই তার। “নিজের রেকর্ড ভাঙতে পারলে ভালো লাগত। সেটা হয়নি বলে খুব একটা খারাপও লাগছে না। আসলে চোট কাটিয়ে ফেরার কারণে চ্যালেঞ্জটা ছিল নিজের সঙ্গেই।” পিঠের ব্যাথা গত বছরে অনেক ভুগিয়েছে সিদ্দিকুরকে। এ কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে ৩০ বছর বয়সী এই গলফার জানান, চোট থেকে নব্বই শতাংশ সেরে উঠেছেন তিনি। গলফারদের জন্য পিঠের নিচের দিকে ব্যাথা (লোয়ার ব্যাক পেইন) ‘স্বাভাবিক’ ব্যাপার বললেও সতীর্থদের সতর্ক করে দেন সিদ্দিকুর। “এটা যেহেতু আমার হয়েছে, এই দেখাদেখি যদি আমার সতীর্থরা আগে থেকে একটু বেশি সতর্ক হয়, ঠিকঠাক অনুশীলন করে, তাহলে চোট থেকে তারা দূরে থাকতে পারবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশের গলফারদের সম্ভাবনা নিয়েও কথা বলেন সিদ্দিকুর। এখনকার গলফারদের মধ্যে জাকিরুজ্জামান জাকির, জামাল হোসেন, লিটন হাওলাদার, শাখাওয়াত হোসেন সোহেলদের মধ্যে সম্ভাবনা দেখছেন সিদ্দিকুর। ২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা এই তারকা মনে করেন দেশে টুর্নামেন্টের সংখ্যা বাড়লে আরো বেশি পেশাদার গলফার উঠে আসবে। “পেশাদার গলফারদের সংগঠন বিপিজিএ চেষ্টা করছে; গত বছর তারা আটটি আসর করেছে। টুর্নামেন্ট যত বেশি হবে, পেশাদার গলফারও তত বেশি উঠে আসবে। এখন আমরা চাই-প্রতি মাসে যেন স্থানীয় পর্যায়ে একটি করে টুর্নামেন্ট থাকে।” “ব্যক্তিগত স্পন্সর না থাকলে আমাদের গলফারদের জন্য স্থানীয় এই আসরগুলোই আয়ের একমাত্র পথ। যদি স্থানীয় পর্যায়ে বেশি বেশি আসর হয়, তাহলে এখন যারা পেশাদার আছেন, তারা আরো বেশি প্রাইজমানি পাবেন এবং সেটা দিয়ে দেশের বাইরের কোনো আসরে খেলতে পারবেন।” ক্যাডি থেকে আন্তর্জাতিক মানের গলফার হয়ে ওঠা সিদ্দিকুর অন্য খেলাধুলার খোঁজ ভালোই রাখেন। গলফে তার প্রিয় তারকা টাইগার উডস; গলফের বাইরের প্রিয় মেসি। “গলফের বাইরে আমার প্রিয় খেলা ফুটবল। মেসির (লিওনেল) খেলা আমার খুব ভালো লাগে।”