চ্যাম্পিয়ন হয়ে বছর শুরু সিদ্দিকুরের
নতুন বছরটা দারুণভাবেই শুরু করলেন চোট কাটিয়ে ফেরা সিদ্দিকুর রহমান। জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন দেশসেরা এই গলফার।
কুর্মিটোলা গলফ কোর্সে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে পারের চেয়ে মোট ১৮ শট কম খেলে সেরা হন সিদ্দিকুর। ১০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১ লাখ ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি।
পারের চেয়ে ১৫ শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। চতুর্থ রাউন্ডে পাঁচ শট কম খেললেই কুর্মিটোলা গলফ কোর্সে নিজের গড়া আগের রেকর্ড ভাঙতে পারতেন তিনি। কিন্তু তা না হলেও হতাশ নন সিদ্দিকুর।
“২০১১ সালে এই কোর্সে ১৯ শট কম খেলার রেকর্ড আমিই গড়েছিলাম। সেটা ভাঙতে পারলে ভালো লাগত। কিন্তু পারিনি বলে খুব একটা খারাপও লাগছে না।”
“চোটের কারণে গত বছরটা ভালো কাটেনি। তাই নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ছিল। জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হলাম। কামব্যক করতে পেরে আমি খুবই খুশি”, যোগ করেন তিনি।
পারের চেয় ছয় শট কম খেলে দ্বিতীয় হয়েছেন মো. জাকিরুজ্জামান জাকির। ৮৯ হাজার ৬০০ টাকা পুরস্কার পেয়েছেন তিনি। আর পাঁচ শট কম খেলে এই আসরের তৃতীয় হওয়া জামাল হোসেন মোল্লা পেয়েছেন ৬৩ হাজার ৬০০ টাকা পুরস্কার।
পেশাদার গলফারদের সংগঠন বিপিজিএ এই আসরের আয়োজন করে। জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় হওয়া এই টুর্নামেন্টে ৩০ জন পেশাদার গলফার অংশ নেয়।
