বছর শেষের হার উড়িয়ে দিচ্ছেন আনচেলত্তি
কয়েক মাস ধরে অদম্য গতিতে ছুটে চলা রিয়াল মাদ্রিদ যেন হারতেই ভুলে গিয়েছিল। স্পেনের দলটিকে তেতো সেই স্বাদটাই পাইয়ে দিল এসি মিলান। মঙ্গলবার রাতে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ইউরোপ সেরারা। তবে এই হারকে বড় করে দেখতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি।
দুবাই চ্যালেঞ্জ কাপে ইউরোপ সেরাদের ৪-২ গোলে হারায় ইতালির ক্লাব মিলান। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জয়ের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ এ বছরে চারটি শিরোপা জেতার আত্মবিশ্বাস ছিল রিয়ালের। কিন্তু মিলানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাদের খেলায় ছন্দের অভাব ছিল।
বছরের শেষ ম্যাচে হারতে হলেও অসাধারণ একটা বছর শেষ করতে পারায় খুশি আনচেলত্তি। ম্যাচ শেষে ইতালির এই কোচ বলেন, “চমৎকার এই বছর শেষ করতে পেরে আমরা খুব খুশি। মিলান ভালো খেলেছে আর আমরা না, এটাই মূল কথা। এই বছরে আমরা যা অর্জন করেছি তা এই হারে পাল্টে যাবে, এমনটা আপনি বলতে পারেন না, অবশ্যই না।”
এই হার দলের কাউকে একদমই আঘাত করেনি বলেও জানালেন আনচেলত্তি।
