রিয়ালকে উড়িয়ে মিলানের দারুণ জয়
তারকা সমৃদ্ধ রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে এসি মিলান। দুবাই চ্যালেঞ্জ কাপে ইউরোপ সেরাদের ৪-২ গোলে হারিয়েছে ইতালির ক্লাবটি।
মৌসুমের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছিল না মিলানের; ঘরোয়া লিগের পয়েন্ট তালিকার ৭ নম্বরে গেছে তারা। অন্যদিকে, সবধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জেতা রিয়াল আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে তারা, লা লিগায় আছে শীর্ষে। তাছাড়া ক’দিন আগেই তারা জিতেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। কিন্তু মঙ্গলবার রাতে দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র।
২৪তম মিনিটে ডিফেন্ডার নাচোর চরম ভুলে গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে গোলরক্ষক কেইলর নাভাসকে ব্যাকপাস দিতে চেয়েছিলেন স্পেনের এই ডিফেন্ডার। কিন্তু বল পেয়ে যান জেরেমি মেনেস। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই মিডফিল্ডার।
এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠা মিলান সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে। স্বদেশী মিডফিল্ডার জাকোমো বোনাভেনতুরার পাস পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ইতালির ফরোয়ার্ড স্তেফান এল শারাউই।
২-০ গোলে পিছিয়ে পড়লেও লড়াইয়ে ফিরতে দেরি করেনি রিয়াল। ৩৫তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত এক শটে ব্যবধান কমায় ইউরোপ সেরারা। স্পেনের ফরোয়ার্ড হেসের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে গোলটি করেন দলটির সবচেয়ে বড় তারকা।
বিরতির পর রোনালদো ও হার্নান্দেসের বদলে গ্যারেথ বেল এবং করিম বেনজেমাকে নামান কোচ আনচেলত্তি। আর নাভাসের জায়গায় আসেন ইকের কাসিয়াস। কিন্তু শুরু থেকে দারুণ খেলতে থাকা মিলানকে রুখতে পারেনি তার দল।
৪৮তম মিনিটে ব্যবধান ৩-১ করেন এল শারাউই। স্বদেশী মিডফিল্ডার আন্দ্রেয়া পলির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
৫৪তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি হেসে। তার শটটি গোলপোস্টে লাগে। ৬১তম মিনিটে বেলের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন মিলানের গোলরক্ষক।
৭৩তম মিনিটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন জামপাওলো পাজ্জিনি। ফরাসি ফরোয়ার্ড এম'বায়ে নিয়াংয়ের দারুণ ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে হেডে গোলটি করেন ইতালির এই স্ট্রাইকার।
নির্ধারিত সময় শেষের ৬ মিনিট আগে ব্যবধান কমায় রিয়াল। ডি বক্সের মধ্যে নাচোকে মিলানের নিয়াং ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই লক্ষ্যভেদ করেন বেনজেমা। তবে তাতে আর হার এড়াতে পারেনি তারা।
