শব্দ নেই মেসি-রোনালদোর বর্ণনায়!
আগের দিন হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, পরের দিনই আরেকটি অসাধারণ হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। স্পেনের দুই ক্লাবের এই দুই তারকা এমনই খেলছেন যে, তাদের কীর্তি বর্ণনা করার মতো যুতসই শব্দ খুজে পাচ্ছেন না সতীর্থরা।
রোনালদোর হ্যাটট্রিকের প্রশংসা করতে গিয়ে রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস যা বলেছিলেন, মেসির ক্ষেত্রেও তেমনটা বললেন বার্সেলোনার জেরার্দ পিকে।
“কোনো শব্দ দিয়ে মেসিকে বর্ণনা করা যাবে না।”
রোববার কাম্প নউতে এসপানিওলকে ৫-১ গোলে বিধ্বস্ত করতে অসাধারণ এক হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি। আগের দিনই পর্তুগিজ তারকা রোনালদোর রেকর্ড হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
রিয়ালের জয়ের পর ডিফেন্ডার সের্হিও রামোস বলেছিলেন, রোনালদোকে বর্ণনা করতে ‘নতুন শব্দ’ তৈরি করতে হবে।
আর কাম্প নউয়ের ম্যাচটির পর বার্সেলোনা ডিফেন্ডার পিকে বললেন, “মেসিকে বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই। সে আমাদের অনেক কিছু দিয়েছে। আমি আবারও বলছি, সে আমাদের জন্য যা করেছে তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।”
