কিংস কাপের শিরোপা জিতে শেখ জামালের ইতিহাস
দারুণ এক ইতিহাস গড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ভারতের পুনে এফসিকে ফাইনালে হারিয়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে কিংস কাপের শিরোপা জিতেছে তারা।
মঙ্গলবার ভুটানের এই টুর্নামেন্টের ফাইনালে পুনে এফসিকে ১-০ গোলে হারায় শেখ জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি এনে দেন ইয়াসিন খান।
থিম্পুর চ্যাংলিমিথাং মাঠে ২৫তম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। ওয়েডসেনের কর্নারে মাথা ছুঁইয়ে পুনের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার ইয়াসিন। ১-০ স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে নিজেরা ব্যবধান বাড়াতে না পারলেও পুনেকে গোল পেতে দেয়নি শেখ জামাল।
যোগ করা সময়ে জামাল ভূইয়া লাল কার্ড দেখলে বড় একটা ধাক্কা খায় মারুফুল হকের দল। তবে শেষ পর্যন্ত পুনেকে ঠেকিয়ে রেখে শিরোপা নিশ্চিত করে শেখ জামাল।
কিংস কাপের এবারের আসরের শুরু থেকে দাপুটে ফুটবল উপহার দিয়েছে শেখ জামাল। উদ্বোধনী ম্যাচে ভুটানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে হারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের নাখোন র্যাটচেসিমার সঙ্গে ড্র করেছিল মারুফুল হকের দল। তবে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোহনবাগানকে ৫-৩ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছিল শেখ জামাল।
সেমি-ফাইনালে মানাং মার্সিয়াংদির মুখোমুখি হয় শেষ জামাল। নেপালের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল শেখ জামাল।
দলের সাফল্যে উচ্ছ্বসিত শেখ জামালের সভাপতি মনজুর কাদের, কোচ মারুফুল হক ও অধিনায়ক নাসির উদ্দিন।
মনজুর কাদের বলেন, “এটা বিরল এক অর্জন। এটা কেবল শেখ জামাল ক্লাবের নয়, গোটা বাংলাদেশের পাওয়া।”
“এই উপমহাদেশের ফুটবলে ইস্ট বেঙ্গল, মোহনবাগানের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। আজ বাংলাদেশের ছেলেরা প্রমান করেছে আমরাই সেরা।”, যোগ করেন তিনি।
পিছিয়ে পড়ার পর পুনে আক্রমণের জোর আরো বাড়ায় কিন্তু শেখ জামালের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি ভারতের দলটি।
শেখ জামালের অন্যতম সেরা দুই তারকা ডারবো ল্যান্ডিং ও এমেকা ডারলিংটন চোটে ভুগছিলেন। এ কারণেই ফাইনালের কৌশলে পরিবর্তন আনার কথা জানান কোচ মারুফুল হক।
“ল্যান্ডিং ও এমেকা ডারলিটন পুরো ফিট ছিলো না। এ কারনেই পুনে এফসির চাঁপের মুখে সবাইকে তখন নিচে নামিয়ে খেলেছি।”
“তবে এ ধরনের পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা আছে। তাই নিজেদের ওপর পূর্ণ আস্থা ছিল। খেলোয়াড়রা পুরোপুরি পেশাদারি মনোভাব দেখিয়েছে।”
কিংস কাপের সাফল্য মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উৎসর্গ করেছেন শেখ জামাল অধিনায়ক নাসির।
