সান্ডারল্যান্ডের মাঠে চেলসির হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর হোঁচট খেয়েছে চেলসি। পয়েন্ট তালিকার নিচের দিকের ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শীর্ষে থাকা দলটি।
গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শালকেকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলতে নামলেও পয়েন্ট হারানোর হতাশাতেই মাঠ ছাড়তে হয় চেলসিকে।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে অধিকাংশ সময় বল দখলে রাখলেও কাজের কাজ কিছুই করতে পারেনি জোসে মরিনিয়োর দল। স্বাগতিকদের তুলনায় গোলের সুযোগও বেশি তৈরি করেছিল দিয়েগো কস্তা-অস্কাররা, কিন্তু গোল আসেনি।
অবশ্য পয়েন্ট খোয়ালেও লিগের শীর্ষস্থানে ঠিকই থাকছে মৌসুমের শুরু থেকে দারুণ খেলা চেলসি। ১৩ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত দলটির পয়েন্ট ৩৩।
দিনের অন্যান্য ম্যাচে আর্সেনাল একমাত্র গোলে ওয়েস্ট ব্রমকে, ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হাল সিটিকে এবং লিভারপুল ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।
