ইসরায়েলের কাছে হেরে বরখাস্ত বসনিয়া কোচ
ইসরায়েলের কাছে হেরে ২০১৬ সালের ইউরোর মূলপর্বে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই ম্লান হয়ে গেছে বসনিয়া-হার্জেগোভিনার। আর এজন্য দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন কোচ সাফেত সুসিচকে বরখাস্ত করেছে।
ইউরো বাছাইয়ে গ্রুপ 'বি'তে নিজেদের সবশেষ ম্যাচে ইসায়েলের কাছে গত রোববার ৩-০ গোলে হারে বসনিয়া। এই হারের পর ৪ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপের পঞ্চম স্থানে আছে তারা।
সুসিচের অধীনেই বসনিয়া-হার্জেগোভিনা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে ব্রাজিল বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে পারেনি সুসিচের দল। গ্রুপ পর্বের বৈতরণীই পার করতে পারেনি তারা।
বিশ্বকাপের ম্যাচগুলোয় সুসিচের শুরুর একাদশ নির্বাচন নিয়েও অনেক সমালোচনা হয়। তবে সোমবার সংবাদ সম্মেলনে কোচের বরখাস্তের বিষয়টি জানানোর সময় বসনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাসমিন বাকোভিচ সুসিচের অবদানের কথা স্বীকার করেন।
“২০১৪ বিশ্বকাপে সুযোগ পাওয়ার ঐতিহাসিক অর্জনের জন্য সুসিচকে ধন্যবাদ জানায় বসনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। আর এটা কখনোই আমরা ভুলব না।”
সাবেক ফুটবলার সুসিচ বসনিয়ার দায়িত্ব নিয়েছিলেন ২০০৯ সালে। ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগালের কাছে প্লে-অফ ম্যাচ হারে তার দল। এরপর একই দলের কাছে ২০১২ ইউরো বাছাইপর্বের প্লে-অফেও হারে বসনিয়া। তবে ২০১৪ বিশ্বকাপে বলকান দেশটি সুযোগ পাওয়ায় সুসিচ বীরের মর্যাদা পান।
