ভাভরিঙ্কাকে হারিয়ে ফাইনালে ফেদেরার
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নিজের সপ্তম শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছেন রজার ফেদেরার। স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন সুইজারল্যান্ডের এই তারকা।
রোববার রাতের ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আসা নোভাক জোকোভিচ। শনিবার প্রথম সেমি-ফাইনালে টুর্নামেন্টের এই আসরের চমক জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৩-৬, ৬-০ গেমে হারিয়েছেন সার্বিয়ার তারকা।
শনিবার লন্ডনের ওটু অ্যারেনায় দ্বিতীয় সেমি-ফাইনালে ভাভরিঙ্কাকে হারাতে একটু বেগ অবশ্য পেতে হয়েছে ফেদেরারকে। টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়ন ফেদেরার প্রথম সেটটি ৪-৬ গেমে হেরে গিয়েছিলেন।
এরপর অবশ্য ঘুরে দাঁড়ান ফেদেরার। তবে শেষ দুটি সেট জিতে ফাইনালে উঠতেও বেশ লড়াই করতে হয় তাকে। শেষ দুটি সেট ৭-৫ ও ৭-৬ গেমে জেতেন তিনি।
