২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ফুটবল একাডেমির পথচলা শুরু

উঠতি ফুটবলারদের গড়ে তোলার জন্য বহু প্রতীক্ষিত ফুটবল একাডেমির পথচলা শুরু হলো সিলেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বৃহস্পতিবার ৪০ জন কিশোর ফুটবলার, চারজন প্রশিক্ষক নিয়ে যাত্রা শুরু করা একাডেমির কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

দীর্ঘ অপেক্ষার পর ফুটবল একাডেমির স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দিত কাজী সালাউদ্দিন।

“এই একাডেমি ইতিহাসের পাতায় ঢুকে গেল। আজ আমি ভীষণ আনন্দিত। তবে বিশ্বে ফুটবল খেলে ২০৯টি দেশ। এখানে টিকে থাকতে হলে কঠিন লড়াই করতে হবে। আশা করি, পেশাদার লিগ ও জাতীয় দলের খেলার মতো ফুটবলার এখান থেকে বেরিয়ে আসবে।”

ফুটবলের উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা চাইলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি। সরকারের পক্ষ থেকে ‘যথাসম্ভব’ সহযোগিতার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

সালাউদ্দিন বলেন, “ফুটবলারদের থাকা, খাওয়া, স্টাফ-প্রশিক্ষকদের বেতন ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রতি বছর আমাদের পাঁচ কোটি টাকা প্রয়োজন। আমরা প্রতি বছর ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছ থেকে সব মিলিয়ে পাঁচ হাজার ডলার পাই। বাকিটা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে চেয়ে বলুন বা ভিক্ষা করে বলুন, সেভাবে আনি। ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য আমরা সরকারের কাছ থেকে বরাদ্দ চাই।”

একাডেমিকে টিকিয়ে রাখতে ফেডারেশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, “তারা (বাফুফে) যতটা চায়, ততটা হয়তো দিতে পারব না। তবে যতটুকু দেয়ার সামর্থ্য আছে, ততটুকু দেব।”

সিলেট একাডেমির জন্য পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। এ জন্য সরকারের কাছে ২০ কোটি টাকা সাহায্য চান সভাপতি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় সিলেট একাডেমির জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।