আফ্রিকান কাপ আয়োজন করবে না মরক্কো
প্রাণঘাতী ইবোলা মহামারির মতো ছড়িয়ে পড়ার ভয়ে আফ্রিকান কাপ অব নেশনস ফুটবল টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মরক্কো। আফ্রিকার ফুটবলের সবচেয়ে বড় আসরটি আগামী বছর কোথায় হবে- তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি মহাদেশটির ফুটবল কনফেডারেশন (সিএএফ)।
মরক্কো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পর মঙ্গলবার সিএএফের সভায় নেশনস কাপ থেকে তাদের বহিষ্কার করা হয়। আযোজক দেশ হওয়ার সুবাদে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছিল মরক্কো।
১৬টি দল নিয়ে আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল।
মরক্কো টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দিতে অনুরোধ করেছিল। সিএএফ তা প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট ঠিক সময়েই হবে। তবে নতুন ভেন্যুর নাম সভায় জানানো হয়নি।
গত ৪ নভেম্বর পর্যন্ত ইবোলাতে ৪ হাজার ৯৬০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে।
মরক্কো আশঙ্কা করছিল, টুর্নামেন্ট উপলক্ষে সমর্থকরা এলে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।
আগামী মাসে মরক্কোতে বসবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর, যা আযোজনে অবশ্য শঙ্কা নেই দেশটির। এই টুর্নামেন্টে আফ্রিকা থেকে স্বাগতিক মরক্কো ছাড়া আলজেরিয়ার একটি ক্লাব খেলবে।
