পার্মাকে গোলবন্যায় ভাসালো ইউভেন্তুস
চলতি মৌসুমে লিগে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে ইউভেন্তুস। ইতালির শীর্ষ লিগ সেরি আয় পার্মাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ইতালির সফলতম দলটি।
রোববার ইউভেন্তুস স্টেডিয়ামে প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে চারটি গোল করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দু’বার করে প্রতিপক্ষের জালে বল পাঠান কার্লোস তেভেস, ফের্নান্দো লরেন্তে আর আলভারো মোরাতা। অন্য গোলটি স্টেফান লিখটস্টাইনারের।
২৩তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড লরেন্তের গোলের ছয় মিনিট পর ব্যবধান বাড়ান সুইস ডিফেন্ডার লিখটস্টাইনার। ৩৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন লরেন্তে।
দ্বিতীয়ার্ধের ৫০ ও ৫৮তম মিনিটে দুটি গোল করে ব্যবধান ৫-০ করেন আর্জেন্টিনার তেভেস। এর মধ্যে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যের ছাপ রেখে একটি গোল করেন সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাওয়া এই তারকা।
আর ৭৬ ও ৮৮তম মিনিটে গোল করে বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্তুসে যোগ দেয়া মোরাতা।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস।
লিগে দিনের অন্য ম্যাচে নাপোলি গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে ফিওরেন্তিনাকে হারিয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
