২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে গিয়েও ভারতের কাছে মেয়েদের হার

পরিকল্পিত ফুটবল খেলতে না পারায় এগিয়ে গিয়েও ভারতের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ২-১ গোলের এই হারে মূল পর্বে ওঠাটা মনিকাদের জন্য কঠিন হয়ে পড়লো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 07:13 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শক্তিশালী ভারতের মেয়েরা। তবে ম্যাচের ধারার বিপরীতে এগিয়ে যায় স্বাগতিকরাই। ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সানজিদা আখতার।

কৃষ্ণা রানিকে ডি বক্সের মধ্যে ভারতের এক খেলোয়াড় ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গড়ানো শটে গোলরক্ষককে বোকা বানান সানজিদা।

নয় মিনিট পর পেনাল্টি থেকে রোজা দেবীর গোলে সমতায় ফেরে ভারত। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মাসুরা পারভিন ভারতের সুস্মিতা বর্ধনকে ডি বক্সের মধ্যে ফেলে দেন পেনাল্টি পায় অতিথিরা।

বলের দখল ঠিকমতো রাখতে না পারায় প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। উদ্দেশ্যহীন ভাবে বল আগে বাড়ানোয় বল পেয়ে বারবার আক্রমণে গেছে ভারত। বিশেষ করে দ্রুতগতির রোজা বার বার সুযোগ তৈরি করেছেন। ৬৫তম মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে লাল কার্ড পান বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা। বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে পা লাগিয়ে দেন তিনি। ওই ফাউলে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রিকিক নেন কাশমিনা। বল ঠিকমতো ফিস্ট করতে পারেননি গোলরক্ষক আয়েশা। গোললাইনে ফাঁকায় বল পেয়ে জালে ঠেলে দেন রোজা। ১০ জনের দল নিয়ে ম্যাচের বাকিটা সময় আক্রমণ ঠেকাতে হয়েছে বাংলাদেশের মেয়েরা। মাঝে মধ্যে নিজেরা আক্রমণেও গেলেও পরিকল্পনার ছাপ না থাকায় শক্তিশালী ভারতের জালে বল আর জড়াতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে দূরপাল্লার একটি শট ক্রসবারে লাগায় বাংলাদেশের হারের ব্যবধান আর বাড়েনি। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের আগের দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। জর্ডানকে ১-০ ও সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে হারায় মনিকা-লিপিরা। বাংলাদেশকে হারিয়ে চলতি বাছাই পর্বে প্রথম জয় পেল ভারত। ইরানের কাছে ২-১ গোলের হার দিয়ে বাছাই পর্ব শুরু করে ‘ফেভারিটরা’ বৃহস্পতিবার ইরানের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মনিকারা। এক ম্যাচ কম খেলে বাংলাদেশের চেয়ে (+৬) গোল পার্থক্যে এগিয়ে থেকে ইরান (+১০) তালিকায় শীর্ষে। মূল পর্বে উঠতে হলে ইরানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে মনিকাদের। দুই ম্যাচে ১ জয় নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত। তবে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা টিকিয়ে রেখেছে তারা। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে টানা দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা। ১টি জয়ে পাওয়া তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তালিকায় ভারতের চেয়ে এগিয়ে জর্ডান (+৬)। মঙ্গলবার জর্ডান খেলবে শীর্ষে থাকা ইরানের বিপক্ষে।