২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ক্রুইফ, অনড় বাফুফে

লোডভিক ডি ক্রুইফকে জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরিয়ে দেয়ার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এমন প্রেক্ষাপটে রোববার সকালেই ঢাকায় এসেছেন ক্রুইফ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 05:26 PM

Updated : 25 Apr 2022, 04:50 PM

শনিবার জাতীয় দলের কোচের পদ থেকে লোডভিক ডি ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, শোকজ নোটিশে চুক্তির কিছু ধারা বরখেলাপের বিষয়টি উল্লেখ করে ডাচ কোচের কাছে ‘ব্যাখ্যা’ চাইবে বাফুফে। ব্যাখ্যার জন্য কোচকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় বেধে দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

“আজ (রোববার) ক্রুইফকে শোকজ নোটিশ পাঠাব আমরা। তাকে কেন বহিস্কার করা হবে না, এ ব্যাপারে জানতে চাওয়া হবে।”

শোকজ নোটিশে চুক্তির চারটি বিষয় বরখেলাপের কথা ‘বিশেষভাবে’ উল্লেখ থাকবে বলে জানিয়েছেন সোহাগ।

বাফুফের দেয়া তথ্য, চুক্তি অনুযায়ী বছরে ৩০ দিন ছুটি পাওয়ার কথা ক্রুইফের। কিন্তু গত বছর জুলাই থেকে দায়িত্ব নিয়ে এ পর্যন্ত ২২৪ দিন ছুটি কাটিয়েছেন ডাচ কোচ।

এছাড়া ফুটবল ফেডারেশন মনে করে, যে শ্রম, মেধা ও পেশাদারিত্ব নিয়ে বাংলাদেশ দলে ক্রুইফের কাজ করার কথা ছিল, তিনি তা করেননি। অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বাফুফে সম্পর্কে করা ক্রুইফের মন্তব্যকে ‘কটাক্ষ’ বলে মনে হয়েছে বাফুফের।

সোহাগ দাবি করেন, বাফুফের অনুমতি ছাড়া ক্রুইফ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন

“চুক্তি অনুযায়ী বাফুফের অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা চুক্তির ধারা লংঘন। বাফুফের ভাবমূর্তি নষ্ট করার মতো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। শোকজ নোটিশে এ বিষয়টিও উল্লেখ থাকবে।”

এদিকে ভোরে বাংলাদেশে এসে বাফুফের বিপক্ষে ‘কাজের সুযোগ না দেয়ার’ অভিযোগ তুলেছেন ক্রুইফ। শাহাজালাল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

“আমি অনেক পরিকল্পনা বাফুফের কাছে জমা দিয়েছিলাম কিন্তু তারা আমাকে কোনো কাজের সুযোগ দেয়নি।”

চাকরি হারানোর সম্ভাবনার বিষয়টিও গণমাধ্যমের কাছ থেকে জেনেছেন বলেও জানান ক্রুইফ।

ইনচনের এশিয়ান গেমস শেষে ছুটি নিয়ে নেদারল্যান্ডসে যান ক্রুইফ। ঈদের পর পরই তার বাংলাদেশে ফেরার কথা ছিল।

এদিকে ক্রুইফের আচরণে ক্ষুব্ধ বাফুফে শনিবার ক্রুইফের সহকারী সাইফুল বারী টিটোকে আপাতত দায়িত্ব দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষের ২টি প্রীতি ম্যাচ দিয়ে ফের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন টিটো। এর আগে ২০১০ সালে জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

পুরনো খবর:

ক্রুইফকে রাখছে না বাফুফে, দায়িত্বে টিটো