'মারাদোনা, রোনালদিনিয়োর মতো মেসিও পাবেন'
স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মাঠে অনন্য এই রেকর্ড গড়লে সেখানে প্রাপ্য সম্মান পাবেন তো এই তারকা ফরোয়ার্ড? লা লিগা প্রধানের বিশ্বাস, রিয়ালের সমর্থকরা মেসিকে প্রাপ্য সম্মান ঠিকই দেবেন।
লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস মনে করেন, এর আগে রিয়াল মাদ্রিদে বার্সেলোনার সাবেক দুই তারকা দিয়েগো মারাদোনা ও রোনালদিনিয়ো যোগ্য সম্মান পেয়েছেন; মেসির বেলায়ও তাই হবে।
"বের্নাবেউ মারাদোনা ও রোনালদিনিয়োকে হাততালি দিয়েছে, মেসিকে কেন নয়? এই একই মাঠে আমি সমর্থকদের দেখেছি মারাদোনা ও রোনালদিনিয়োকে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে। আমি মনে করি, লিগে খেলোয়াড়ের গুরুত্ব কি স্পেনের ফুটবল সেটা বুঝতে পারে।"
রিয়াল মাদ্রিদের সমর্থকদেরও প্রশংসা করেন তেবাস। তার মতে, রিয়াল মাদ্রিদের সমর্থকরা ফুটবল বোঝে এবং দর্শকরা খুবই ভদ্র। মেসিকে তাদের হাততালি না দেয়ার কোনো কারণ নেই।
স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছুঁতে আর মাত্র দুটি গোল দরকার মেসির। আপাতত তার গোল সংখ্যা ২৪৯টি। ৬ দশক ধরে এই রেকর্ডটি তেলমো সাররার অধিকারে।
২০০৬ সালে মারা যাওয়া আথলেতিক বিলবাও কিংবদন্তি সাররা ১৯৪০ ও ১৯৫০ দশকে খেলে ২৫১টি গোলের রেকর্ডটি গড়েছিলেন।
মেসি রেকর্ডটি শনিবারই ছুঁয়ে ফেলতে বা ছাড়িয়ে যেতে পারেন। এদিন নিজেদের মাঠ ক্যাম্প নউয়ে এইবারের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এইবারের বিপক্ষে রেকর্ডটি না হলেই তবে শুরু হবে বের্নাবেউ-অপেক্ষা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী ২৫ অক্টোবর হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মধ্যে ‘ক্লাসিকো’।
রিয়ালের মাঠে রেকর্ডটি হলে মেসি যোগ্য সম্মান পাবেন কিনা, এই বিতর্ক তুলে দেন মূলত বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেতা। মেসি রেকর্ডটা বের্নবেউতে করলে রিয়াল মাদ্রিদের সমর্থকদের তাকে সম্মান জানানো উচিত হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
