২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের মাঠে সম্মান পাবেন তো মেসি?

অনন্য একটি রেকর্ড গড়ার পথে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। এটা প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মাঠে গড়লে সেখানে প্রাপ্য সম্মানটা কি পাবেন এই তারকা ফরোয়ার্ড? বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেতার মতে, মেসি সান্তিয়াগো বের্নাবেউতে লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লে তাকে রিয়াল মাদ্রিদের সম্মান জানানো উচিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 10:36 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

এ মাসের শেষের দিকে সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মধ্যে ‘ক্লাসিকো’। ২৫১ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তেলমো সাররার চেয়ে আর মাত্র দুই গোল পেছনে আছেন মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে নামার আগে মাঝে লিগে আর মাত্র একটি ম্যাচ আছে বার্সেলোনার। আগামী শনিবার নবাগত এইবারের বিপক্ষে খেলবে তারা। সেখানে মেসি একটি বা দুটি গোল করতে পারলে রিয়ালের মাঠে লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ে রেকর্ড গড়ার ভালো একটি সম্ভাবনা আছে তার। আর তাই যদি হয়, তাহলে অনেকের মতে মেসিকে রিয়াল মাদ্রিদের আলাদাভাবে সম্মান জানানো উচিত।

সুবিসারেতার বলেন, “ফুটবলে এমন ঘটনা ঠিক সচরাচর ঘটে না। তারপরও সে স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

অবশ্য রিয়ালের মাঠে মেসিকে আলাদা সম্মান দেয়া হোক না হোক, সুবিসারেতা অবশ্যই চান, রিয়ালের বিপক্ষে ম্যাচেই রেকর্ডটা গড়ুক মেসি; সঙ্গে আসুক বার্সেলোনার জয়টাও।

২০০৬ সালে মারা যাওয়া আথলেতিক বিলবাও কিংবদন্তি সাররা ১৯৪০ ও ১৯৫০ দশকে খেলে ২৫১টি গোলের রেকর্ডটি গড়েছিলেন।