পরাজিত জার্মানিকে খোঁচা পোলিশদের
জার্মানিকে ইউরো বাছাইয়ে হারানোর বিষয়টি সে দেশের মানুষকে বারবার মনে করিয়ে দেয়ার জন্য মজার একটি ব্যবস্থা নিয়েছে পোল্যান্ডের সমর্থকরা। জার্মানি থেকে পোল্যান্ডের ঢোকার মুখে রাস্তায় স্কোরলাইন দেয়া একটি সংকেত বসিয়েছে তারা।
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় পোল্যান্ড। জার্মানির বিপক্ষে এটি তাদের প্রথম জয়। জার্মানির বিপক্ষে আগের ১৮ ম্যাচের ১২টিতে হেরেছিল পোল্যান্ড। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছিল।
জার্মানির সীমানা পার হয়ে পোল্যান্ডের সুবিচে শহরের সেতুতে ওঠার সময় গাড়ি চালকরা ২-০ লেখা সংকতেটি দেখতে পাবে। দুই অংকটি পোল্যান্ডের পতাকার রঙ দিয়ে সাজানো। আর শূন্যতে রয়েছে জার্মানির পতাকার রঙ।
এটা দেখে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মানুষদের নি:সন্দেহে গত সপ্তাহের হারটির কথা মনে পড়ে যাবে। আর প্রভাবশালী প্রতিবেশীদের হারানো পোলিশদের গর্বে বুক ফুলে ওঠারই কথা।
